খামারের বীজে কৃষকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘দশমিনা বীজ বর্ধন খামার’ দক্ষিণাঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কৃষকেরা এখানকার বীজ ব্যবহার করে ধানসহ বিভিন্ন ফসল চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন।

তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা দ্বীপচরে এ খামার গড়ে তোলা হয়েছে। চরের মাঝে ধানসহ অন্যান্য ফসলের চাষাবাদ চলছে। প্রতিদিন অন্তত দেড় শ শ্রমিক এখানে কাজ করেন।

খামার কর্তৃপক্ষ সূত্র জানায়, একটি প্রকল্পের অধীনে প্রতিকূলতা-সহিষ্ণু বীজ উৎপাদন এবং দক্ষিণের উপকূল এলাকার উপযোগী শস্যবীজ উৎপাদন করে কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার এ খামার স্থাপন করেছে। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কৃষি বিভাগ বলছে, দেশের দক্ষিণাঞ্চলকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে শস্যভান্ডার হিসেবে গড়ে তুলতে দেশের সর্ববৃহৎ বীজ উৎপাদনের এই খামার গড়ে তোলা হয়েছে। খামারটিতে ধান ছাড়াও সূর্যমুখী, বিভিন্ন প্রকারের ডাল, সরগম, চীনা, কাউন, তিল, সরিষা প্রভৃতি ফসলের চাষ হচ্ছে।

প্রকল্পের সহকারী পরিচালক ইকবাল হোসেন বলেন, এই খামারের ধান চাষ দেখে এলাকার অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে ব্রি ধান-৫২ (আমন) এবং ব্রি ধান-২৮ (বোরো) চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ব্রি ধান-৫২ জলমগ্নতা-সহিষ্ণু। এ জাতটি ১৫ দিন পর্যন্ত পানির নিচে বেঁচে থাকতে পারে, যা ওই অঞ্চলের জন্য বিশেষ উপযোগী। এ ছাড়া খামারটির মাধ্যমে স্থানীয় জাতের বালাম, কাজলশাইল, সাদামোটা, লালমোটা ইত্যাদি ধানকে বিলুপ্তির হাত থেকে রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

দশমিনার বাঁশবাড়িয়া এলাকার কৃষক আলমগীর ছিপাই ও মোসলেম সরদার বলেন, ‘আমরা খামার থেকে আমন মৌসুমে ব্রি-৫২ ও বোরো মৌসুমে ব্রি-২৮ ধানের বীজ নিয়ে চাষ করেছিলাম। এতে অন্যবারের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে। এখানকার বীজ অনেক ভালো।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, লবণাক্ততা বৃদ্ধি ও জলাবদ্ধতার মতো প্রাকৃতিক কারণে এ অঞ্চলের মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে। তবে এই বীজ বর্ধন খামার থেকে উৎপাদিত দুর্যোগ-সহিষ্ণু ও মানসম্মত বীজ এ অঞ্চলে ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের অনাবাদি অনেক জমি চাষাবাদের আওতায় আসবে। এতে এক ফসলি জমি দুই বা তিন ফসলি জমিতে পরিণত হবে।

প্রকল্প পরিচালক আলমগীর মিয়া বলেন, খামারে ধান, ডাল, আলু, তৈলসহ বিভিন্ন ফসলের বীজ উৎপাদনে ব্যাপক সাফল্য এসেছে। দক্ষিণাঞ্চলের কৃষকেরা বোরো আবাদে ভয় পেতেন। তবে এই খামারের আবাদ দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছেন। খামার থেকে উৎপাদিত দুর্যোগ-সহিষ্ণু ও মানসম্মত বীজ কৃষকেরা ব্যবহার করে লাভবান হচ্ছেন।