খায়রুজ্জামানকে নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী ঘোষণা
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামানকে নাগরিক কমিটির প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক কমিটি এই ঘোষণা দেয়। নগরের আলুপট্টি এলাকায় দৈনিক বার্তা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক কমিটির সদস্যসচিব সৈয়দ সাফিকুল আলম।
এতে গত নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে এ এইচ এম খায়রুজ্জামানকে মেয়র নির্বাচিত করায় রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
লিখিত বক্তব্যে বর্তমান মেয়রকে গণমুখী ও সৃজনশীল আন্দোলনের পুরোধা হিসেবে উল্লেখ করে বলা হয়, এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নগরবাসী আরেকটিবারের জন্য এ এইচ এম খায়রুজ্জামানকে মেয়র হিসেবে দেখতে চায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখকরা হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আবুল হোসেন, আবদুল খালেক, সাইদুর রহমান ও রুহুল আমিন প্রামাণিক। ২০০৮ সালের নির্বাচনেও এ এইচ এম খায়রুজ্জামান নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।