রাজশাহী সিটি নির্বাচন
খায়রুজ্জামানের আধুনিক, মোসাদ্দেকের সন্ত্রাসমুক্ত নগর গড়ার প্রতিশ্রুতি:h:
দিনের পর দিন ক্লান্তিহীন ছোটাছুটি, রোদে-বৃষ্টিতে ভিজে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া—ইত্যাদির অবসান হলো। শেষ হলো প্রচার-প্রচারণার। এখন অপেক্ষা কেবল ভোটারদের রায়ের। রাত পোহালেই কাল শনিবার ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচন।
প্রচারণার শেষ দিন গতকাল বৃহস্পতিবার দুই প্রার্থীই অত্যন্ত ব্যস্ততায় কাটিয়েছেন। সদ্য সাবেক মেয়র ও নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান বলেছেন, নির্বাচিত হলে তিনি অসামপ্ত কাজ শেষ করে রাজশাহীকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলবেন। আর মোসাদ্দেক হোসেন বলেছেন, তিনি নির্বাচিত হলে রাজশাহীকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরে উন্নীত করবেন।
খায়রুজ্জামান গতকাল সকালে শালবাগান বাজারে দিনের গণসংযোগ শুরু করেন। এরপর তিনি একে একে সাহেববাজার জিরোপয়েন্ট, কুমারপাড়া, ফুদকিপাড়া, সাহেবগঞ্জ, বড়কুটিপাড়া, গণকপাড়া, মিয়াপাড়া প্রভৃতি এলাকায় জনসংযোগ করেন। দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন খায়রুজ্জামান। সেখানে তিনি নিজের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করে ফের নগরবাসীর ভোট চান। বিকেলে তিনি নগরের কেদুর মোড়, তালাইমারি, পঞ্চবটি, পাঁচানীমাঠ, টুনটুনিপাড়া হয়ে কোর্টস্টেশন এলাকায় যান। বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে আরেক দফা সংবাদ সম্মেলনে করে খায়রুজ্জামান আবারও তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। রাতে তিনি রেললাইনের পাশের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ ছাড়া তিনি চারটি পথসভায় বক্তব্য দেন। এ সময় মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামানের সঙ্গে ছিলেন সাংসদ ফজলে হোসেন, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রানা চৌধুরী, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, শালবাগান খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি লাল মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
প্রচারণার একপর্যায়ে খায়রুজ্জামান বলেন, ‘যাঁরা এখনই সরকারি কাজে বাধা দিচ্ছেন, প্রজাতন্ত্রের ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের হুমকি-ধামকি দিচ্ছেন, তাঁরা বিজয়ী হলে কী হবে এটা তারই ইঙ্গিত।’ খায়রুজ্জামান বলেন, ২০০৮ সালে সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণকালে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। তিনি সব শৃঙ্খলায় এনেছেন। নগর ভবনকে দেনামুক্ত করেছেন।
খায়রুজ্জামানের স্ত্রী শাহীন আক্তারও গতকাল স্বামীর পক্ষে নগরের হোসেনিগঞ্জ, শেখপাড়া, দরগাপাড়া ও পাঠানপাড়ায় প্রচার চালান। বিকেলে তিনি উপশহর এলাকায় প্রচারণা চালান।
সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন গতকাল নগরের ওয়াসা ভবন, পিডিবি ভবন এবং বরেন্দ্র ভবন এলাকায় গণসংযোগ করেন। প্রচারণাকালে মোসাদ্দেকের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র মিজানুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়ালীউল হক, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
গণসংযোগকালে মোসাদ্দেক হোসেন বলেন, বিগত বছরগুলোয় নগরবাসী শিক্ষাঙ্গনে যে অস্ত্রের মহড়া দেখেছে, তাতে তারা শঙ্কিত। নির্বাচনের দিন সন্ত্রাসীরা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই সেনাবাহিনী মোতায়েন জরুরি। মোসাদ্দেক হোসেন আরও বলেন, ‘মানুষ এবার পরিবর্তন চায়। আমি নির্বাচিত হলে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ নগর গড়ে তুলব।’ মোসাদ্দেকের পক্ষে তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও গতকাল প্রচারণায় অংশ নেন। তিনি নগরের তালাইমারি শহীদ মিনার, পঞ্চবটি, আইবাঁধ, বাঁধের ধার, কেদুর মোড় ও শাহ মোখদুম কলেজ এলাকায় গণসংযোগ করেন এবং আনারস প্রতীকে ভোট দিয়ে তাঁর স্বামীকে জয়যুক্ত করার আহ্বান জানান।
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হাবিবুর রহমান গতকাল রেসিডেনসিয়াল কলেজ, টেক্সটাইল কলেজ, জনতা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচারণা চালান। তিনি রাজশাহীকে সত্যিকারের শিক্ষানগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মেয়র প্রার্থী ছাড়াও গতকাল বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন।
গত ২৯ এপ্রিল রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৬ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা গত ১৯ দিন ব্যস্ত ছিলেন প্রচার-প্রচারণায়। তাঁরা চেষ্টা করেন ভোটারদের মন কাড়তে। তাঁদের সেই চেষ্টা কতটা সফল হয়েছে, এর রায় মিলবে কাল ১৫ জুন।
‘মোসাদ্দেকের বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন’: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের বাবা আবদুর রশিদ মুক্তিযুদ্ধ চলাকালে শান্তি কমিটির একজন সক্রিয় নেতা ছিলেন বলে দাবি করেছেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা। রাজশাহী প্রেসক্লাবে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। মুক্তিযোদ্ধাদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।’