খায়রুজ্জামানের ধ্বংস কামনা করে হেফাজত নেতার মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ১৮-দলীয় জোটের সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের ধ্বংস চেয়ে মোনাজাত করা হয়েছে। এ খবরে ক্ষুব্ধ হয়ে আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন খায়রুজ্জামান।

গতকাল বুধবার নগরের একটি রেস্তোরাঁয় সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সংবাদ সম্মেলনে নেতাদের আসন গ্রহণের পরই জোট-সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেনের জন্য দোয়া চেয়ে মোনাজাত ধরেন আবদুস সামাদ। তিনি মোনাজাতে মোসাদ্দেক হোসেনের পক্ষে জেলার ১৮-দলীয় জোটের নেতারা একত্র হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ‘বিগত মেয়র ইসলামি জলসা করতে দেয়নি। কোরআনের কথা শোনেনি, আলেম-ওলামাদের টিটকারি করেছে। আল্লাহ তুমি তাকে হালাক করে দাও। তাকে খতম করে দাও।’

সংবাদ সম্মেলন শুরুর আগে হেফাজতের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলাম হেফাজতে ঐক্যবদ্ধ হোন নামে একটি পুস্তিকা সাংবাদিকদের কাছে দেওয়া হয়। রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও হেফাজত কী হিসেবে ১৮-দলীয় জোটের সঙ্গে এই সংবাদ সম্মেলনে অংশ নেয় জানতে চাইলে আবদুস সামাদ বলেন, তাঁরা ইমান ও আকিদা রক্ষার স্বার্থে মোসাদ্দেককে সমর্থন দিয়েছেন। সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী নাদিম মোস্তফা তাঁর বক্তব্যে রাজশাহীর বর্তমান প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনকে এখান থেকে প্রত্যাহার এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। মোনাজাত প্রসঙ্গে খায়রুজ্জামান বলেন, একজন মুসলমান এভাবে আরেকজন মুসলমানের ধ্বংসের জন্য প্রার্থনা করতে পারে না। এতে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।