সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা অন্যতম দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কভিত্তিক দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এ মন্তব্য করেছে। সিপিজে হচ্ছে একটি স্বাধীন ও অলাভজনক সংগঠন। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে সংগঠনটি কাজ করে।সিপিজের এক বিবৃতিতে গত মঙ্গলবার রাতে ঢাকার মহাখালী এলাকায় অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ২৪ ডট কম-এর কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানানো হয়। ওই ঘটনায় অন্তত নয়জন সাংবাদিক আহত হন বলে এতে উল্লেখ করা হয়। সংগঠনের বিবৃতিতে বলা হয়, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।সিপিজের এশীয় কর্মসূচি সমন্বয়ক বব দিৎস বলেন, ‘সংবাদ সংস্থার কার্যালয়ে ধারালো অস্ত্রধারী ব্যক্তিরা আচমকা ঢুকে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনা আমাদের প্রচণ্ড আঘাত করেছে।’বব আরও বলেন, ‘আমরা ওই হামলার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালাতে এবং এই অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতাদের খুঁজে বের করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ইউএনবি।