খারাপ আবহাওয়ায় যাত্রা পেছাল ন্যানো স্যাটেলাইটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ (ন্যানো স্যাটেলাইট) ‘ব্র্যাক অন্বেষা’র মহাকাশে যাওয়ার সময় পেছাল। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৩টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এটিকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়িয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যানো স্যাটেলাইটটির যাত্রা বাতিলের খবরটি যখন আসে, তখন দলের সবাই ঢাকার মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর ক্যাম্পাসের ছাদে নির্মিত গ্রাউন্ড স্টেশনে এই ‘ঐতিহাসিক যাত্রার’ সম্প্রচার দেখার অপেক্ষায় ছিলেন। কেনেডি স্পেস সেন্টারের আশপাশের এলাকার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বজ্রপাতের কারণে যাত্রাটি বাতিল করা হয়। যাত্রার পরবর্তী সময় নির্ধারণ করা হয়েছে কাল রোববার বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৩টা ৭ মিনিট। স্যাটেলাইটটির মহাকাশ যাত্রা সরাসরি দেখা যাবে এই লিংকে-https://www. nasa. gov/multimedia/nasatv/index. html#public

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ন্যানো স্যাটেলাইটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্ত হওয়ার পর সেখান থেকে সুবিধাজনক সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটের মাধ্যমেই মহাকাশ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি, নদী, ফসলের মাঠ থেকে শুরু করে নগর-পাহাড়-সাগর সবকিছুর পর্যায়ক্রমিক আলোকচিত্র পাওয়া যাবে।

গত বছরের জুনে কৃত্রিম উপগ্রহটি বানানোর জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজির (কিউটেক) চুক্তি হয়। পরে কিউটেকের ল্যাবরেটরি অব স্পেস ক্র্যাফট এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন ইঞ্জিনিয়ারিংয়ের তত্ত্বাবধানে এটা বানানোর কাজে যুক্ত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ও বর্তমানে কিউটেকে গবেষণারত বাংলাদেশি তিন
শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম, আবদুল্লা হিল কাফি ও মায়সূন ইবনে মনোয়ার। স্যাটেলাইটের নকশা প্রণয়ন থেকে শুরু করে চূড়ান্ত কাঠামো তৈরির সব কাজই করেন এই শিক্ষার্থীরা। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তা মহাকাশে পাঠানোর জন্য জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কাছে হস্তান্তর করা হয়।