খারাপ লোকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন প্রধানমন্ত্রী: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ওসমান পরিবার ও লক্ষ্মীপুরের তাহের পরিবারকে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী খারাপ লোকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন৷
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন৷ তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী খারাপ লোকদের পাশে থাকছেন এবং বিরোধী দলকে দমন করতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছেন৷
এদিকে গতকাল সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার ১৩ দিনের মাথায় কেন জিয়াউর রহমান খুন হলেন? শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘সেদিন আপনি বোরকা পরে বাংলাদেশের একটি সীমান্তে উপস্থিত হয়ে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন কেন? সত্য কখনোই ঢাকা দেওয়া যায় না এবং সত্য কখনো অতীত হয় না।’
১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেন শেখ হাসিনা। একই বছরের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে খুন হন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আওয়ামী লীগের যেসব নেতা বিএনপির বিরুদ্ধে ‘কুত্সা’ রটাচ্ছেন তাঁদের সম্পর্কে সতর্ক থাকতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ’৭২-’৭৫-এ যাঁরা জোর গলায় মরহুম শেখ মুজিবুর রহমানের গুণকীর্তন করতেন, তাঁদের অনেকেই শেখ মুজিবের লাশ ডিঙিয়ে মন্ত্রিসভায় পদসহ গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত হয়েছেন।
রিজভী আহমেদ বলেন ‘সরকার র‌্যাবের নানা অপকর্ম আড়াল করার চেষ্টা করছে৷ র‌্যাব এখন শিশুদের ঘুম পাড়ানিয়া ভয়ংকর বির্গতে পরিণত হয়েছে৷’