গণনিয়োগ, শিক্ষার্থীদের ওপর হামলা, শিক্ষকদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ এবং প্রশাসনিক আধিপত্য দিয়ে শিক্ষকের চাকরিচ্যুতি—এসবের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খারাপ সময় ফিরে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। আধিপত্য, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ—এ ব্যানারে গতকাল বুধবার দুপুরে নতুন কলাভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের প্রশাসন যখন সন্ত্রাসের পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার মতো পরিবেশ সৃষ্টি করে তখন তাঁর প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হয়। সেই আন্দোলনের ফলে তিনি পদত্যাগ করেন। কিন্তু সর্বশেষ একটা উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি এবং ক্ষমতালোভী শিক্ষকেরা আবার ক্ষমতায় ফিরে এসেছেন। তিনি আরও বলেন, গত শনিবার প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে চারজনের জন্য বিজ্ঞপ্তি দিয়ে ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত এ নিয়োগের চিত্রটি ভয়াবহ। এ ছাড়া যেভাবে মেধাতালিকার পেছনে থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে তাতে মনে হবে, কম মেধাবী হওয়াই শিক্ষকতার যোগ্যতা। কিছুদিন আগে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষক নিয়োগেও এমন ঘটনা ঘটেছে।
২০১০ সালে নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক তাঁর কয়েকজন সহকর্মী ও কর্মচারীকে মারধর করেন। সেই ঘটনায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের অংশীদার শিক্ষকেরা যে কৌশলে আন্দোলন করেন, সেই একই কৌশলে ব্যক্তিগত আন্দোলন করায় উদ্ভিদবিদ্যা বিভাগের এক শিক্ষককে কিছুদিন আগে চাকরিচ্যুত করা হয়েছে। দর্শন বিভাগের পিএইচডি ডিগ্রিধারী একজন শিক্ষককে তাঁর ডিগ্রির স্বীকৃতি না দিয়ে হয়রানি করা হচ্ছে। কিন্তু রসায়ন বিভাগের একজন সহযোগী অধ্যাপকের একই ধরনের ডিগ্রির স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রশাসনের বৈষম্যমূলক আচরণের এটা বড় উদাহরণ। এ ঘটনা থেকে উপাচার্যের অবস্থানের সংহতি নিয়ে প্রশ্ন ওঠে এবং তিনি উপাচার্য হিসেবে
নৈতিক অবস্থান হারিয়ে ফেলেন। এ ছাড়া ভিন্নমতের কারণে শিক্ষকদের পদোন্নতি, হলের আবাসিক শিক্ষকদের পদ নবায়নের ক্ষেত্রেও প্রশাসন বৈষম্যমূলক আচরণ করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন, দর্শন বিভাগের এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মো. আমিনুল ইলাম, নৃবিজ্ঞান বিভাগের রেজওয়ানা করিম প্রমুখ।