মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, একদিকে উগ্রবাদ, অন্যদিকে সরকারি দমনের কশাঘাতে পড়ে বাংলাদেশের গণমাধ্যম ১৯৯১ সালের পর সবচেয়ে খারাপ সময় পার করছে। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলে অ্যামনেস্টি।
লন্ডনের একটি হোটেলে এই সংবাদ সম্মেলনে ‘কট বিটুইন ফিয়ার অ্যান্ড রিপ্রেশন: অ্যাটাক অন ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ’ (ভীতি ও দমনের ফাঁদে: বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত) শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, যতই দিন যাচ্ছে, বাংলাদেশে গণমাধ্যমের ওপর নতুন নতুন বিধিনিষেধ আরোপ হচ্ছে। ভিন্নমত দমনে যোগ হয়েছে অভিনব কৌশল।
প্রতিবেদনে ২০১৩ সাল থেকে গত মাস পর্যন্ত পরিস্থিতির বিশ্লেষণ করা হয়েছে। তুলে ধরা হয় ব্লগার হত্যা, সাংবাদিক নির্যাতন, বিতর্কিত আইনের প্রয়োগ, ধর্মীয় উগ্রবাদ ও বিচারহীনতার চিত্র। বলা হয়, নিরাপত্তায় আশঙ্কায় সক্রিয় নাগরিক সমাজের কার্যকলাপ সীমিত হয়ে পড়েছে।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক চম্পা প্যাটেল বলেন, সরকারের কতটুকু সমালোচনা করা যাবে, সে বিষয়ে অদৃশ্য এক সীমারেখা টেনে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘গণমাধ্যমের সংখ্যা মতপ্রকাশের স্বাধীনতা নির্দেশ করে না। তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না, সেটাই আসল বিষয়। কর্তৃত্বপরায়ণ সরকারগুলোই সব সময় গণমাধ্যমের সংখ্যা উল্লেখ করে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলে দাবি করতে চায়।’
অ্যামনেস্টির বাংলাদেশবিষয়ক সাবেক গবেষক আব্বাস ফায়েজ বলেন, স্বাধীনতার পরপর একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারপ্রধানের সমালোচনার জন্য একাধিক ব্যক্তিকে জেলে দেওয়ার ঘটনা উল্লেখ করে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, সরকারের সমালোচনা ও ভিন্নমত দমন করতে উপনিবেশ আমলের আইনের পাশাপাশি সরকার নতুন নতুন আইন প্রয়োগ করছে।
প্রতিবেদনে বলা হয়, সরকার, সরকারি বাহিনী কিংবা উগ্রবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হুমকি সাংবাদিকদের জন্য নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শীর্ষস্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে, নানা কৌশলে হয়রানি করার মাধ্যমে সরকার সমালোচনা থেকে বিরত থাকার বার্তা দিয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার-এর মতো সংবাদপত্রগুলোকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। একটি টক শোতে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে গত বছরের ফেব্রুয়ারি-মার্চে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা হয়েছে ৮৩টি। প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধেও হয়েছে অনেক মামলা। সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করার বিষয়টিও উল্লেখ করেছে অ্যামনেস্টি।