আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজ করে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।শুনানিতে ইউনূসের আইনজীবীরা হাইকোর্টের আদেশ পক্ষপাতদুষ্ট অভিহিত করে বলেছেন, রায়ে বড় ধরনের ত্রুটি রয়েছে। ওই রায়ে যে ভুল ও অবিচার হয়েছে তা সুরাহা করতে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করা উচিত।ইউনূসের পক্ষে আপিল বিভাগে শুনানিতে অংশ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ এসব কথা বলেন।গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। আজ মঙ্গলবার আবার শুনানি হওয়ার কথা। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরাসরি খারিজ করে দেন। এর বিরুদ্ধে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস ও নয় পরিচালক লিভ টু আপিল করেন। তবে ৫ এপ্রিল ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ওই দিন বিকেলে ইউনূস ওই আদেশ প্রত্যাহার চেয়ে পুনরায় শুনানির আবেদন করেন। পরদিন আদালত শুনানি মুলতবি করার পর গতকাল বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়।শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ, ইউনূসের পক্ষে আইনজীবী সারা হোসেনসহ তানিম হোসেইন শাওনও উপস্থিত ছিলেন।সকাল নয়টা ২০ মিনিটে শুনানিতে কামাল হোসেন বলেন, হাইকোর্টের আদেশে পদ্ধতিগত ভুল ছিল। হাইকোর্ট কোনো প্রকার রুল ইস্যু না করে আদেশ দিয়েছেন। বিবাদী পক্ষ তাদের বক্তব্য হলফনামা আকারে জমাও দেননি। হাইকোর্ট রিট সরাসরি খারিজ করেন। নজির তুলে ধরে তিনি বলেন, ‘সামরিক শাসনের সময়ও আমরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলাম। সুপ্রিম কোর্ট বলেছিলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে অপসারণ করা যায় না। ইউনূসকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বলা হলো, আপনি এমডি নন। এ ক্ষেত্রে সরাসরি রিট খারিজ নজিরবিহীন। কারণ এখানে আইনের ব্যাখা জড়িত। এ জন্য বিচারিক পুনর্বিবেচনা প্রয়োজন। হাইকোর্টের আদেশ পক্ষপাতদুষ্ট উল্লেখ করে মাহমুদুল ইসলাম বলেন, হাইকোর্টের ত্রুটিপূর্ণ আদেশের কারণে লিভ টু আপিল মঞ্জুর হওয়া উচিত। তা না হলে বিচারব্যবস্থা সম্পর্কে ভুল ইঙ্গিত বহন করবে। এর মাধ্যমে যে ভুল ও অবিচার করা হয়েছে তা এড়াতে আপিল মঞ্জুর করা উচিত।রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘হাইকোর্টে আমি (আবেদনকারীর পক্ষে) ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করেছিলাম। আমার সে কথা রায়ে উল্লেখ করা হয়নি।’ ইউনূসের লিভ টু আপিল যেভাবে খারিজ হয়েছে তাতে অন্য নয় পরিচালকের পক্ষে মামলা পরিচালনা নিয়ে বিব্রতবোধের কথাও জানান তিনি।