খাল উদ্ধারে টাস্কফোর্স প্রথম সভা সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে খাল উদ্ধারে গঠিত টাস্কফোর্সের সভা আগামী সোমবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় অনুষ্ঠিত হবে। ওই সভায় কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। নগরের খাল পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি মেয়র আ জ ম নাছিরকে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করে দেয় সরকার। এ-সংক্রান্ত আদেশ গত সোমবার পায় সিটি করপোরেশন।

চিঠি পাওয়ার পর মেয়র নাছির আগামী সোমবার তাঁর বাসায় টাস্কফোর্সের সভা ডাকেন। ঈদের আগের দিন পা পিছলে পড়ে আহত হওয়া মেয়রকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ কারণে মেয়রের আন্দরকিল্লার বাসায় এ সভা ডাকা হয়েছে। সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও নগর পুলিশের প্রতিনিধিসহ ১০ জনকে নিয়ে টাস্কফোর্সের এই সভা করবেন মেয়র।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, টাস্কফোর্সের সভায় কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

মেয়র নাছির আরও বলেন, আরএস খতিয়ান (রিভিশন সার্ভে) অনুযায়ী চট্টগ্রাম নগরের নদী ও সাগরের সঙ্গে ৫৮টি খাল সংযুক্ত ছিল। এর মধ্যে ৩৪ খালের অস্তিত্ব আছে। এই ৩৪টিসহ মোট ৫৮টি খাল চিহ্নিত করা হয়েছে। নগরকে জলাবদ্ধতামুক্ত করতে হলে সবগুলো খাল দখলমুক্ত করার বিকল্প নেই।