মুন্সিগঞ্জ পৌরসভার কোটগাঁও-দেওভোগ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার একটি খালের আধা কিলোমিটার এলাকায় খননযন্ত্রের মাধ্যমে বালু ফেলে ভরাট করা হয়েছে। খালের উত্তরাংশে গণকপাড়ায় একটি কালভার্টের মুখও ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ শহর বণিক সমিতির সভাপতি আরিফুর রহমানের নেতৃত্বে একটি চক্র ওই ভরাট প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে অবশ্য ক্ষমতাসীন দলের সমর্থক ব্যবসায়ী নেতা আরিফুরের বক্তব্য জানা যায়নি। তাঁর মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি।খাল ভরাটের প্রতিকার চেয়ে এলাকার লোকজন গতকাল সোমবার মুন্সিগঞ্জ পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।শহরের কোটগাঁও এলাকায় কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন-সংলগ্ন স্থান দিয়ে বয়ে যাওয়া ওই খাল আরও অন্যান্য খালের সঙ্গে মিশে গিয়ে ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত ছিল। বৃষ্টিসহ বন্যার পানি এই খাল দিয়ে নামে। খালের পানি ব্যবহার করেন কোটগাঁও, মধ্য কোটগাঁও, গণকপাড়া ও দেওভোগ এলাকার লোকজন। কিন্তু এক সপ্তাহ ধরে বালু ফেলে খালটি ভরাট করছে স্থানীয় একটি চক্র। গতকাল সরেজমিন দেখা যায়, খালের দক্ষিণ দিকে দেওভোগ প্রান্তে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ভরাট করা হয়েছে। গণকপাড়াতে মুন্সিগঞ্জ পৌরসভার নির্মিত কালভার্টের দক্ষিণ প্রান্তের মুখও ভরাট করা হয়েছে। তবে কালভার্টের অপর প্রান্তের মুখ কিছুটা দেখা গেছে।জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এ সুস্পষ্টভাবে বলা আছে, কোনো পুকুর, জলাশয়, খাল, বিল হাওর, বাঁওড়ের কোনো প্রকার ভরাট বা শ্রেণী পরিবর্তন করা যাবে না।গণকপাড়ার বাসিন্দা রোকনউদ্দিন বলেন, ‘খাল ভরাটের সময় বৃষ্টির পানির ঢলে আমাদের পৈতৃক পুকুরও ভরাট হয়ে যায়। মরে যায় পুকুরের সব মাছ। দখলকারীরা এখন খালসহ কালভার্টের মুখও ভরাট করে ফেলেছে।’একই এলাকার নিশার আহমেদ বলেন, এলাকার বৃষ্টির পানি, বন্যার পানি এই খাল ও কালভার্ট দিয়ে নদীতে নামত। এখন খাল ও কালভার্ট ভরাট হওয়ায় বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। তখন মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।খাল ভরাট ও কালভার্ট বন্ধ করার ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের জন্য সঙ্গে সঙ্গে একজন প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। পরে শুনতে পারি, কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টও ভরাট করে ফেলেছে চক্র। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’