খাল ও জমি দখলের দায়ে জরিমানা
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আংরার বিলে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দখলদারদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে এক দিনের মধ্যে সরকারি খাল ও কৃষকদের ফসলি জমি দখলমুক্ত করতে দখলদারের কাছ থেকে অঙ্গীকারনামা আদায় করেছেন আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও আলতাফ হোসেন সেখ গতকাল পুলিশ নিয়ে আংরার বিলে গিয়ে দখলদার এস্রাফ আলীকে ধরেন। আদালত এস্রাফ ও তাঁর ব্যবস্থাপক তোফাজ্জল হোসেনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। আদালত তাঁর কাছ থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে খাল দখলমুক্ত করার অঙ্গীকারনামা আদায় করেন। উপজেলার বর্ধনপুর গ্রামের এস্রাফ যুগিশো ও পালশা মৌজায় দুটি মাছের খামার করছেন। একটির খননকাজ চলছে। এতে আংরার বিলের প্রায় ছয় হাজার বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘খাল ও ফসলি জমি দখল করে মাছের খামার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।