খাল ও জলাধার বিলীন হওয়া ঢাকার জলাবদ্ধতার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে জলাবদ্ধতা। প্রথম আলোর ফাইল ছবি
বৃষ্টিতে জলাবদ্ধতা। প্রথম আলোর ফাইল ছবি

পরিবেশ নিয়ে কাজ করা দুটি সংগঠন বলছে, ঢাকার ভেতরের খাল ও জলাশয়গুলোর সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেগুলো ক্রমে বিলীন হচ্ছে। ফলে বৃষ্টির পানি জমা হওয়ার এবং দ্রুত নদীতে সরে যাওয়ার কোনো পথ নেই। এ কারণে ঢাকা চরম জলাবদ্ধতার সম্মুখীন হচ্ছে। 

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
গত ১২ জানুয়ারি বাপা ও বেন যৌথভাবে ‘বন্যা, জলাবদ্ধতা এবং ভূমিধসবিষয়ক’ এক সম্মেলন করে। ওই সম্মেলন থেকে পাওয়া ৫৯টি প্রস্তাব ও সুপারিশ আজকের সম্মেলনে তুলে ধরা হয়।
সম্মেলনের মূল সুপারিশ পাঠ করেন বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। ঢাকার জলাবদ্ধতা নিয়ে ওই প্রস্তাবে বলা হয়, বাঁধ যেমন একদিকে নদীর পানিকে প্লাবন ভূমিতে আসতে দেয় না, অন্যদিকে তা বৃষ্টির পানি নদীতে সরে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে জলাবদ্ধতা অনিবার্য হয়ে পড়ে। বাংলাদেশের মতো ঋতুভেদসম্পন্ন বৃষ্টিপাতের দেশের জন্য অকার্যকর বলে প্রমাণিত হয়। ষাটের দশকে ঢাকার অদূরে ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি)’ প্রকল্পের কারণে সেখানে চরম জলাবদ্ধতার উদ্ভব ঘটে।
শহরগুলোর জলাবদ্ধতার সুপারিশে বলা হয়, বন্যা এবং জলাবদ্ধতার সমস্যা দূরীকরণে বিদ্যমান বেড়িবাঁধ পন্থা পরিত্যাগ করে উন্মুক্ত পন্থা অবলম্বন সবচেয়ে জরুরি। প্লাবন ভূমিকে নদী খাত থেকে বিচ্ছিন্ন করার সাধারণ নীতি বাতিল করতে হবে।
হাওরাঞ্চলে বন্যা নিয়ে প্রস্তাবে বলা হয়, হাওরাঞ্চলে ২০১৭ সালের বন্যার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এই প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে বাপার সহসভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ বলেন, শহরগুলোতে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। ঢাকায় মানুষের চাপ বেশি, আবার আবাসন কম। পরিকল্পিতভাবে উন্নয়ন হলে খালগুলোকে বাঁচিয়ে রেখে শহর করা হলে এই সমস্যাগুলো হতো না।
বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, শহরগুলোর পরিকল্পনা নেই বলে জলাবদ্ধতা হয়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোনো মাস্টারপ্ল্যান নেই। শুধু যেখানে পানি জমে, সেখানেই কিছু পদক্ষেপ নেওয়া হয়। সরকারের কাছে কম প্রস্তাব দেওয়া হয় না। তবে সেসবের কোনো বাস্তবায়ন হয় না।
সংবাদ সম্মেলনে বেনের ঢাকার প্রতিনিধি মাহমুদুর রহমান, বাপার সদস্য রুহিন হোসেন উপস্থিত ছিলেন।