খাল ও জলাশয়ে ‘অকারণ কালভার্ট’ না করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের প্রশস্ত, প্রবহমান খাল ও জলাশয়ে ছোট কালভার্ট নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব খালে ‘অকারণ কালভার্ট’ নির্মিত হয়েছে, সেসব খাল ও জলাশয় দ্রুত পরিচ্ছন্ন করে দখলমুক্ত করা হবে। গতকাল রোববার রাজধানীর দোলাইরপারে অবস্থিত তেজগাঁও উন্নয়ন সার্কেল কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সার্কেলের আওতাভুক্ত সাংসদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘অপ্রয়োজনীয় সব কালভার্টের চিত্র আমি প্রথম আলোতে দেখেছি। সংশ্লিষ্ট এলাকা থেকেও এ বিষয়ে অনেকগুলো অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছি।’ জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে একটি অপ্রয়োজনীয় কালভার্ট চিহ্নিতও করা হয়েছে। তদন্ত শেষে বাদবাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর সব খাল ও জলাশয় দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি। ঢাকা শহর ও এর আশপাশের এলাকার খাল-জলাশয়ে নির্মিত প্রয়োজনীয় ও উদ্দেশ্যহীন কালভার্ট নিয়ে গত শনিবার প্রথম আলোতে মূল প্রতিবেদনসহ এক পৃষ্ঠা জুড়ে ছবি ও বিশেষ প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই তেজগাঁও সার্কেল কর্মকর্তা নিরোধ চন্দ্র মণ্ডলকেও ডেকে পাঠান ঢাকা-১৮ আসনের সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তাঁর নির্বাচনী এলাকায়ও এমন কালভার্ট করা হয়েছে। নিরোধ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে নগরের খাল ও জলাশয়ের জন্য হুমকি হয়ে দাঁড়ায়—এমন কালভার্ট না করার নির্দেশ দিয়েছেন। কোথায় কালভার্ট প্রয়োজন এবং সেখানে কী ধরনের কালভার্ট নির্মাণ করলে খাল ও জলাশয়ের জন্য হুমকি হবে না, তা বিশেষজ্ঞ প্রকৌশলীরা ভালো বুঝবেন। এসব ক্ষেত্রে বৃহত্তর জনস্বার্থ মাথায় রেখে কাজ করার জন্য বলেছেন মন্ত্রী। সার্কেল কার্যালয়ের বৈঠকে উপস্থিত ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম প্রথম আলোকে বলেন, এমনিতেই নগরের অধিকাংশ খাল দখল হয়ে গেছে। এখন আবার বড় খালে ছোট কালভার্ট নির্মিত হলে ওই খালগুলোও ধ্বংস হয়ে যেতে পারে। এ জন্য প্রশস্ত ও প্রবহমান খালে ছোট কালভার্ট নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবহমান ও প্রশস্ত যেসব খাল এখন দখলের হুমকিতে রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সানজিদা খানম বলেন, শ্যামপুরের একটি খালও সম্পূর্ণ দখল হয়ে গেছে। এখন খালগুলো পরিচ্ছন্ন করতে দখলদারদের সম্পূর্ণ উচ্ছেদ করতে হবে। নিরোধ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে বৈঠকে ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম, ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও ডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাতারকুল ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম, উত্তরখান ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন আহম্মেদ ও দক্ষিণগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হকসহ সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।