খাল ও ঝিরি থেকে পাথর উত্তোলন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার টংকাবতী এলাকার খাল ও ঝিরি (পাহাড়ি ছোট ছড়া) থেকে নির্বিচারে পাথর উত্তোলন বন্ধের দাবিতে ম্রো জনগোষ্ঠীর লোকজন মানববন্ধন করেছেন। গতকাল রোববার বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে ম্রো নেতারা বলেছেন, পাথর উত্তোলন বন্ধ না হলে পানি শুকিয়ে টংকাবতী ইউনিয়নের তিনটি মৌজার ২০টি ম্রো পাড়া পরিবেশগত ঝুঁকির মধ্যে পড়বে। এ সময় বক্তব্য দেন কাইতংপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) বংতুই ম্রো, ম্রো ছাত্র কাউন্সিলের সাবেক সভাপতি য়াং ঙান ম্রো, ম্রো আইনজীবী মাং ইয়ং, লাংকুপাড়ার মেনরুম ম্রো, চিনিপাড়ার পায়া ম্রো, মিনয়া ম্রো প্রমুখ।
বক্তারা বলেন, রুইখাল, টাকখাল, রঙিখাল, টাকের পানঝিরি, ডেনঝিরি ও টংকাবতী খালের ওপর ভিত্তি করে টংকাবতী ইউনিয়নের ম্রো জনগোষ্ঠীর বসবাস গড়ে উঠেছে। বহিরাগত লোকজন ওই খাল ও ঝিরিগুলো থেকে নির্বিচারে পাথর তুলে নিয়ে পাচার করছে। প্রশাসন থেকেও কোনো কোনো ক্ষেত্রে পরিবেশগত ঝুঁকির সমীক্ষা ছাড়া পাথর আহরণের অনুমতিপত্র (লাইসেন্স) প্রদান করা হয়। এ অবস্থায় খাল ও ঝিরির পানি শুকিয়ে গেলে তাঁদের উচ্ছেদ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।