খাল ও পুকুর পুনঃখনন না করেই বিল উত্তোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা আশ্রয়ণ প্রকল্পের খাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পুনঃখনন প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও কাজ শেষ না করেই বিলের অর্ধেক টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মৎস্য কার্যালয় সূত্র জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের অধীনে ২০১৫-১৬ অর্থবছরে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণকেন্দ্রের খাল পুনঃখননের জন্য ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছর ৩১ ডিসেম্বর এ কাজ শুরু হয়। গত ৩১ মার্চ এ কাজ শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পে আশ্রয়ণকেন্দ্রের ৪২ জন পুরুষ ও ২৮ জন নারী শ্রমিক নিয়ে গঠিত একটি সমিতির কাজ করার কথা।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, গত ফেব্রুয়ারিতে মতিন নামের সরকারদলীয় এক নেতা যন্ত্র দিয়ে কিছু মাটি কাটেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আতর আলী এ কাজে সহযোগিতা করেন। তাঁর ভাতিজি জামাই হারুন শেখকে সভাপতি ও রশিদ প্রামাণিক নামের একজনকে সাধারণ সম্পাদক করে তিনি একটি কমিটি দেখান। তাঁরা কাজ শেষ না করেই বিলের অর্ধেক টাকা তুলে নেন।
আশ্রয়ণ প্রকল্পের বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরশাদ শেখ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, খাল সামান্য খনন করে দক্ষিণ দিকে যন্ত্র দিয়ে কিছু মাটি ফেলা হয়। কয়েকজন শ্রমিক তা সমান করেন। ১ হাজার ৬০০ ফুট লম্বা খালটির ৮০০ ফুট খনন ও মাঝে বাঁধ দেওয়ার কথা থাকলেও করা হয়নি। ভয়ে কেউ কিছু বলতেও সাহস পায়নি।
ওই কাজের জন্য চুক্তিবদ্ধ ভূমিহীন সমিতির দলনেতা হারুন শেখকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী পিনি বেগম বলেন, ‘ওই কাজের জন্য আমাদের দুই হাজার টাকা ছাড়া কিছুই দেওয়া হয়নি। এ বিষয়ে চাচা আতর আলী চেয়ারম্যান ভালো বলতে পারবেন।’
ইউপি চেয়ারম্যান আতর আলী আশ্রয়ণ প্রকল্পের খাল খননে অনিয়মের অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে লাখ টাকার মতো খরচ হয়েছে। মতিন সরকারদলীয় প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ায় ভয়ে কেউ কিছু বলেনি। স্থানীয় চেয়ারম্যান হিসেবে কাজে সহযোগিতা করেছি মাত্র।’
মতিনকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে বৃহত্তর ফরিদপুর জেলার মৎস্য প্রকল্পের অধীনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পুনঃখননের জন্য ২ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চারজন পুরুষ ও তিনজন নারী শ্রমিক নিয়ে কমিটি করে এ কাজ করার কথা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, কাউকে বুঝতে না দেওয়ার জন্য তড়িঘড়ি করে কয়েক দিন আগে কমিটি কলের লাঙল দিয়ে পুকুরে চাষ দেয়। এ ছাড়া কিছু মাটি পুকুরের চার পাশে শ্রমিক দিয়ে সমান করে দেওয়া হয়।
কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন শেখ তলদেশে শুধু কলের লাঙল দিয়ে চাষ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কিছুটা এমন না করলে চলব কীভাবে?’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা আফতাব হোসেন বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে। সেখানকার সভাপতি ও সম্পাদককে চিঠি দিয়ে সাবধান করে দ্রুত কাজ শেষ করতে বলেছি। কাজ শেষ না করলে বাকি টাকা দেওয়া হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পুনঃখননের বিষয়টিও খোঁজ নিয়ে দেখা হবে।’
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, ‘আমিও অনিয়মের কথা জানি। যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’