খাল ও ফসলি জমি দখল করে মাছের খামার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আংরার বিলে সরকারি খাল ও কৃষকদের ফসলি জমি দখল করে স্থানীয় প্রভাবশালী মহল একটি মৎস্য খামার তৈরি করছে। খাল দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ছয় হাজার বিঘা জমি অনাবাদি হওয়ার আশঙ্কা করে স্থানীয়রা ভূমি ও কৃষি মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও অভিযোগ করা হয়েছে।গত ১৪ মার্চ ভূমি ও কৃষি মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেলয়াবাড়ি ইউনিয়নের যুগিশো, তেঘরিয়া ও লক্ষ্মণখলসী মৌজার প্রায় ছয় হাজার বিঘা কৃষিজমির পানি নিষ্কাশনের জন্য আংরার বিলের মধ্য দিয়ে একটি খাল খনন করা হয়েছে। কিন্তু কয়েক মাস থেকে উপজেলার বর্দ্ধনপুর গ্রামের এস্রাফ আলী আংরার বিলে যুগিশো ও পালশা মৌজায় দুটি মৎস্য খামার করছেন। ইতিমধ্যে একটির খননকাজ চলছে। এটি ৩০৭ বিঘার ওপর। এতে ১৪টি পুকুর রয়েছে। এর পাশেই ২৫০ বিঘার অপর খামার করা হবে। মৎস্য খামারের কারণে খালটি বন্ধ হয়ে গেছে। খালটি দখলমুক্ত করা না হলে আগামী বছর এই দুই হাজার একরে বোরো চাষ করা সম্ভব হবে না।গত সোমবার সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে বোরোর ব্যাপক আবাদ হয়েছে। চারদিকে ধানখেত। মাঝে ড্রেজিং করে পুকুর খনন করা হচ্ছে। প্রতিটি পুকুরেই দুতিনটি করে মেশিন চলছে। ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক মাঠে গেলেও তাঁরা পুকুরের কাছে যেতে সাহস করেননি। তাঁরা বলেন, বাধা দিতে গেলে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। সোমবার তাঁরা ইউএনওর সঙ্গে দেখা করেছেন। তিনি তাঁদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।দুর্গাপুর ডিগ্রি কলেজের শিক্ষক ও উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কৃষক মফিজ উদ্দিন বলেন, যুগিশো ও পালশা মৌজায় তাঁর সাড়ে আট বিঘা জমির মধ্যে সাত বিঘায় ইতিমধ্যে পুকুর কাটা হয়েছে। তাঁর জমিতে বোরো চাষের জন্য পাইপ বসানো ছিল। এখন সেটি পুকুরের মধ্যে পড়ে রয়েছে। তিনি বলেন, পুকুর কাটতে বাধা দিতে গেলে তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী স্বর্ণকার মুঠোফোনে অভিযোগ করেন, তাঁকে কিছু না জানিয়ে যুগিশো মৌজায় তাঁর সাড়ে ছয় বিঘা জমি পুকুরের মধ্যে কেটে নেওয়া হয়েছে। পাঁচবাড়িয়া গ্রামের কৃষক আবু বাক্কার বলেন, তাঁদের চার ভাই ও দুই বোনের একই প্লটে ২৮ বিঘা জমির সাড়ে ছয় বিঘায় ইতিমধ্যে পুকুর কাটা হয়েছে। তাঁদের কিছু জমিতে ধানও ছিল। বাধা দিতে গেলে তাঁদের মেশিনের নিচে ফেলে গুঁড়ো করে ফেলার হুমকি দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে এস্রাফ আলী বলেন, খালের ১০০ ফুটের মতো জায়গা পুকুরের মধ্যে পড়েছে। এটা সবাইকে দেখানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) জানেন। সবাই বলেছে কোনো অসুবিধা হবে না, পুকুরের দুই পাশ দিয়ে পানি পার হয়ে যাবে। মফিজ উদ্দিনের জমি দখলের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর (মফিজ) ভাগ্নে সিরাজুলের মাধ্যমে কথা হয়েছিল। কিন্তু তিনি সম্মত হননি। এখন মফিজ উদ্দিন অন্যদের জমি নিয়ে আলাদাভাবে পুকুর করার চেষ্টা করছেন। আবু বাক্কারের ধানের জমি কাটার ব্যাপারে তিনি বলেন, ওই জমি সোবহান নামের এক লোক চাষ করছিলেন। মণ খানেক ধান হতো। তার বদলে তিনি তিন মণ ধান দিতে চেয়েছেন।দুর্গাপুর থানার ওসি ওয়াহিদুল ইসলাম বলেন, একটি জমি নিয়ে বিরোধ হয়েছিল। সেটা তিনি মীমাংসা করে দিয়েছেন। কিন্তু খালের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। ইউএনও আলতাফ হোসেন সেখ বলেন, তাঁর কাছে সোমবার একজন কৃষক মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁকে লিখিতভাবে অভিযোগ করতে বলেছেন। আর সরকারি খালের বিষয়টি তদন্ত করার জন্য তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন।