কৃষকেরা ক্ষতিপূরণ ছাড়া ব্যক্তিগত জমিতে খাল খনন করতে না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষলুটি বিল উপপ্রকল্পের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, এ কাজে বাধা দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছেন।
কৃষকেরা নিজেদের জমি রক্ষার দাবিতে আজ বিলের মাঝে মানববন্ধন করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার চান্দাই ও সাতইল মৌজার মহিষলুটি বিলের কয়েক হাজার বিঘা আবাদি জমিতে সেচ দেওয়ার জন্য সরকার মহিষলুটি বিল উপপ্রকল্প নামে একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের অধীনে চান্দাই খাল থেকে চিকনাই নদী পর্যন্ত ৯০০ মিটার ও মহিষলুটি অংশে ৬০০ মিটার নতুন খাল খনন, একটি জলকপাট ও ১ হাজার ৯৫০ মিটার বেড়িবাঁধ নির্মাণ করা হবে। মহিষলুটি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ প্রকল্পের তত্ত্বাবধান করছে।
সাতইল এলাকার কৃষক সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সাতইল মৌজার অংশের খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণ করা নিয়ে সমস্যা দেখা দেয়। কারণ, এই অংশে পুরোনো খালের অস্তিত্ব নেই। নতুন খাল খননের জন্য সরকারি খাসজমিও নেই। কৃষকদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে খাল ও বেড়িবাঁধ নির্মাণ করতে হলে শতাধিক কৃষক জমি হারাবেন। এ কারণে সাতইল মৌজার কৃষকেরা তাঁদের নিজস্ব জমি দিয়ে খাল খনন না করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। ফলে প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে।
তাঁরা অভিযোগ করেন, এতে পানি ব্যবস্থাপনা সমিতির সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা ওয়াদুদ সরকার, জিয়াউর রহমান, ছাত্রলীগের নেতা পিয়াস সরকারসহ বেশ কিছু কর্মকর্তা ক্ষিপ্ত হয়েছেন। তাঁরা অভিযোগকারী কৃষকদের আবেদনপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। আবেদনপত্র প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৯ নভেম্বর কৃষক মোকাদ্দেস হোসেন ও তাঁর ভাই আব্দুর রউফকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় কৃষকেরা ১৫ নভেম্বর চান্দাই বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
মহিষলুটি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বাকী বিল্লাহ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই শতাধিক কৃষক লাভবান হবেন। তাই কেউ কেউ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কৃষকদের খাল খননের জন্য জমি দেওয়া উচিত। প্রকল্পে কোনো ব্যবস্থা না থাকায় জমির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, সমিতির পক্ষ থেকে কাউকে মারধর বা ভয়ভীতি দেখানো হয়নি।
ক্ষুদ্রাকার পানিসম্পদ প্রকল্পের ফ্যাসিলিটেটর আবু সাঈদ বলেন, প্রকল্পের সাতইল মৌজায় খাসজমি না থাকায় মূলত এসব সমস্যার সৃষ্টি হয়েছে। তাই ওই এলাকার ৩০০ মিটার খাল খনন বাদ রেখে প্রকল্পের বাকি কাজ করার ব্যাপারে আলোচনা চলছে।
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, কৃষকদের সঙ্গে প্রকল্পের উপকারিতা নিয়ে মতবিনিময় করে প্রকল্পটি বহাল রাখার চেষ্টা করা হচ্ছে।