খাল খনন করা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমের বাকি আছে আর মাত্র দুই মাস। এর মধ্যে নগরের খালগুলো পরিষ্কার ও খনন করা না হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে। চাক্তাই খালের যে অবস্থা, তা কখন পরিষ্কার করা হয়েছে, এর কোনো আলামত নেই। গতকাল মঙ্গলবার চাক্তাই খাল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম সাংবাদিকদের এ কথা বলেছেন।
সিডিএর চেয়ারম্যান গতকাল বেলা সাড়ে ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত চাক্তাই খালের চকবাজারের ধুনির পুল, ফুলতলা, ঘাসিয়াপাড়া, সবুজবাগ এলাকার অংশ পরিদর্শন করেন। চাক্তাই খাল পরিদর্শন শেষে বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার নালা-নর্দমা পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, অথারাইজড কর্মকর্তা-১ মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী প্রমুখ।
নগরের জলাবদ্ধতার কার্যক্রমে সমন্বয়হীনতার বিষয়ে আবদুচ ছালাম বলেন, ‘সবাই বলেন এই কার্যক্রমে সমন্বয় নেই। এখন আমার প্রশ্ন হলো, সমন্বয়টা করবে কীভাবে। সমন্বয়কারী কে? তবে একজন সমন্বয়কারী আছেন। তাঁকে দায়িত্ব পালন করতে হবে।’
আবদুচ ছালাম নতুন খাল খননের বিষয়টিকে কঠিন আখ্যায়িত করে বলেন, খাল পরিষ্কার ও দখলমুক্ত রাখার সহজ কাজটি যখন করা যায়নি, তখন নতুন খাল খনন করা কঠিন ব্যাপার। বিদ্যমান খালগুলো খননে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আর সিডিএর পক্ষ থেকে খালের জায়গা দখলকারীদের উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, নিচু এলাকার খালগুলো খনন করা হয়েছে। এখনো চাক্তাই খালের খননকাজ শুরু হয়নি। দ্রুত তা খনন করা হবে।
১৯৯৫ সালের নগর মহাপরিকল্পনায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে নতুন তিনটি খাল খননের কথা বলা হয়। গত বছরের জুনে সরকার চট্টগ্রাম নগরের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খননে একটি প্রকল্প অনুমোদন করে।