খাল খনন হলেও সেচ সুবিধা পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত পানি না থাকায় সেচসুবিধা পাচ্ছেন না উপজেলার সাতটি গ্রামের প্রায় এক হাজার কৃষক

সারা বছর পানি ধরে রাখার জন্য দেড় কোটি টাকার বেশি ব্যয়ে এ বছর শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দর্শার খাল খনন করা হয়েছে। তবে খালটিতে পর্যাপ্ত পানি না থাকায় চলতি আমন মৌসুমে সেচসুবিধা পাচ্ছেন না উপজেলার সাতটি গ্রামের প্রায় এক হাজার কৃষক। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, সঠিকভাবে খাল খনন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে দর্শার খালের প্রায় সাড়ে ছয় কিলোমিটার অংশ খনন করা হয়। স্থানভেদে এর প্রশস্ততা ২৩ থেকে ৪৮ ফুট। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ৬৫ লাখ টাকা। এলজিইডির তত্ত্বাবধানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের ১১ মে খননকাজ শুরু করে, শেষ হয় ১৭ জুন।

উপজেলার কাকরকান্দি ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের মাঝামাঝি দর্শার খালের অবস্থান। এলাকার কয়েকজন কৃষক বলেন, আমন মৌসুমে খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে আটকে রাখা পানিতে তিন হাজার একর জমিতে সেচসুবিধা পাওয়া যেত। এতে উপকৃত হতো দুই ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় এক হাজার কৃষক। তবে শীতকালীন সবজি চাষসহ খালটিতে সারা বছর পানির প্রবাহ ধরে রাখতে এটি খননের উদ্যোগ নেয় সরকার। মানিককুড়া এলাকারবুড়ি ভোগাই নদী থেকে হালুয়াঘাট উপজেলার দর্শা নদী পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের দর্শার খালটি খনন করা হয়। কিন্তু মানিককুড়া থেকে খালের ভাটির বিভিন্ন স্থানে কার্যাদেশ অনুযায়ী খনন করা হয়নি। এ ছাড়া বরুয়াজানি এলাকায় খাল পর্যাপ্ত গভীর করে খনন না করায় খালের এই অংশটিউঁচু। ফলে ভাটিতে পানি প্রবাহিত হচ্ছে না। এ কারণে এই দুটি ইউনিয়নের মানিককুড়া, বরুয়াজানি, সাপমারি, বেতকুড়ি, বিজগিরীপাড়া, নয়াপাড়া ও বনকুড়া গ্রামের কৃষকেরা সেচসুবিধা পাচ্ছেন না। বিকল্প ব্যবস্থা না থাকায় খেতের ধান নষ্ট হয়ে যাচ্ছে।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বুড়ি ভোগাই নদী থেকে দর্শার খাল দুই-তিন ফুট উঁচু থাকায় পানি প্রবাহিত হচ্ছে না। বরং খালে বৃষ্টির পানি ধরে রাখতে বুড়ি ভোগাইয়ের মুখে এলাকাবাসী বাঁধ দিয়েছেন।

বিজগিরীপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৬০) বলেন, ‘ভাবছিলাম খাল খনন করা অইলে পানি থাকব। ঠিকমতো খনন না করায় খালে পানি নাই। এলাকার এক হাজার কৃষক আবাদি জমি লইয়া বিপদে পড়ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল বলেন, ‘এ সম্পর্কে এলাকার লোকজন কিছু জানায়নি। এলাকায় গিয়ে এ বিষয়ে খোঁজখবর নেব।’

উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী খননকাজ বাস্তবায়ন করা হয়েছে। খালে পানি না থাকার বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে কীভাবে সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই দর্শার খালে একটি সেতু ও স্লুইসগেট স্থাপন করা হবে। কৃষকসহ এলাকাবাসী সারা বছর খালের পানি ব্যবহার করতে পারবেন।’