খাল খনন হয় না, খেতে পানি জমে ফসল নষ্ট
পেন্নাই-কানড়া খাল দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় বৃষ্টিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই, কানড়া ও ইছাপুর গ্রামের মাঠের ৩০ একর জমির আলু নষ্ট হয়ে গেছে। প্রতিবছরই এ ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে কৃষকেরা বৃষ্টির পানি নিষ্কাশনের এ খালটি দ্রুত খননের দাবি জানিয়েছেন।
পেন্নাই, কানড়া ও ইছাপুর গ্রামের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আবদুল বানে বলেন, ‘এ মাঠে প্রায় ২৫০ বিঘা জমি রয়েছে। এসব জমিতে আলু, ভুট্টা, টমেটো ও বোরো ধানের আবাদ করা হয়। মাঠের পাশের বড় খালটি দীর্ঘদিন ধরে খনন করা হচ্ছে না। এতে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে খেতের ফসল পচে যাচ্ছে। খালটি খননের জন্য আমরা একের পর এক প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
দাউদকান্দি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দাউদকান্দি উপজেলায় ১৬ হাজার ১০৪ একর জমিতে কৃষকেরা আলুর আবাদ করেছেন। এর মধ্যে পেন্নাই, কানড়া ও ইছাপুর গ্রামের মাঠের প্রায় ৩০ একর জমিতে চাষ করা আলু ৬ মার্চ থেকে শুরু হওয়া বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।
গত বুধবার পেন্নাই, কানড়া ও ইছাপুর মাঠ ঘুরে দেখা যায়, এ মাঠে আবাদ করা জমির আলু এখনো তোলা হয়নি। খেতে বৃষ্টির পানি জমে আলুগুলো পচে গেছে। অনেক কৃষক আলু তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রমিকদের বেশি মজুরি, খেত ভেজা থাকা ও থেমে থেমে বৃষ্টির কারণে আলু তুলতে পারেননি।
দেনারদিয়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘এ বছর এ মাঠে পাঁচ একর জমিতে প্রায় চার লাখ টাকা খরচ করে আলু চাষ করেছি। বাম্পার ফলনে মোটা অঙ্কের মুনাফার আশায় ছিলাম। আলু তোলার সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে আলুখেতে পানি জমে সব নষ্ট হয়ে গেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘মাঠের পাশের খালটি খননের অভাবে খেতে বৃষ্টির পানি জমে আলু নষ্ট হয়ে গেছে। খালটি খননের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থায় একটি প্রকল্প জমা দিয়েছি। এর অগ্রগতির ব্যাপারে খোঁজ নেব।’