খাল খননের নামে এক হাজার গাছ উজাড়
জয়পুরহাটের কালাইয়ে চার কিলোমিটার দীর্ঘ নুনগোলা খাল খনন করতে গিয়ে খালের দুই পাশে কৃষকের লাগানো প্রায় এক হাজার গাছ কেটে উজাড় করা হয়েছে। দুই বছর আগে খনন করা খালটি পুনঃখননের নামে সরকারি প্রায় ২২ লাখ টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) একটি সেচ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করে এসব গাছ কেটে ফেলেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএডিসির বরদি (বগুড়া-রংপুর-দিনাজপুর) প্রকল্পের অধীনে কালাই উপজেলার নুনগোলা খালে সম্প্রতি একটি সেচপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের অংশ হিসেবে খালের ঝামুটপুর-ধুনট-বাইগুনী মাঠ থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কসংলগ্ন শিমুলতলী পর্যন্ত অংশ সংস্কার ও খনন করার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি প্রথম পর্যায়ে খালের উত্তর প্রান্ত থেকে তালোড়া বাইগুনী মাঠ পর্যন্ত চার কিলোমিটার অংশ খননের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২২ লাখ টাকার এ কাজ পান রংপুরের একজন ঠিকাদার। দুই সপ্তাহ আগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। এর দুই বছর আগে খালটি খনন করেছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। নতুন করে খনন করতে গিয়ে খালের দুই পাশের অন্তত এক হাজার গাছ কাটা পড়েছে। খননকাজে ব্যবহূত মেশিন দিয়েই ঠিকাদারের লোকজন সিংহভাগ গাছ উপড়ে ফেলেছে। কোনো কোনো গাছ ঠিকাদারের লোকজন কেটে নিয়েছে। আবার কাটা পড়বে জেনে এলাকার কৃষকেরাও নিজের উদ্যোগে বেশকিছু গাছ কেটে নিতে বাধ্য হয়েছেন।সরেজমিনে দেখা গেছে, কয়েক দিন আগেও গাছপালা আর ঝাউজঙ্গলে ভরা ছিল নুনগোলা খাল। খালের দুই পাশের গাছগাছালির ছায়ায় সবুজচত্বরে এলাকার কৃষকেরা কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে শরীর এলিয়ে দিতেন। সেখানে এখন বৃক্ষহীন খাঁ খাঁ রোদ। তালোড়া বাইগুনী গ্রামের কৃষক জহুরুল ইসলাম জানান, তাঁর জমিসংলগ্ন খালপাড়ে লাগানো অন্তত ৩০টি কড়ই, তাল, ইউক্যালিপটাস ও খেজুরগাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছের কাণ্ডও তিনি খুঁজে পাননি। একই অভিযোগ আবদুর রশীদ, আবুল কাশেম, সাহাজাহান আলী, বুলু মিয়াসহ শতাধিক কৃষকের। তাঁরা জানান, গাছ কেটে ফেলার পর তা লোপাট হয়েছে।তালোড়া বাইগুনী গ্রামের কলেজশিক্ষক সাহাজাহান আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএডিসি খালখনন, বৃক্ষরোপণসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সেই প্রতিষ্ঠানই খাল খননের নামে এত গাছ কেটে ফেলেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। তবে তালোড়া বাইগুনী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, বর্ষাকালে খালটি এলাকার কৃষকদের জন্য অনেকটা অভিশাপ। এ সময় খালের পানি উপচে বিশাল এলাকার ফসল তলিয়ে যায়। নতুন করে খননের ফলে শুষ্ক মৌসুমে সেচের পানি না হোক, বর্ষায় দ্রুত পানি নেমে যাবে এমন আশায় বুক বাঁধছেন কৃষকেরা। এ জন্য গাছ কাটার ক্ষতির বিষয়টি তাঁরা মুখ বুজে মেনে নিচ্ছেন।ঠিকাদার ডিজেল আহম্মেদ প্রথম আলোকে বলেন, নকশা মোতাবেক খাল খনন করতে গিয়ে যে গাছ কাটা পড়ছে, তার জন্য তাঁরা দায়ী নন। আর আগে খালটি যে খনন করা হয়েছিল সেটা তাঁদের জানার বিষয় নয়।বিএডিসি (সেচ) বগুড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, খাল খনন করতে গিয়ে গাছ কাটা পড়ছে, বিষয়টি তাঁদের কেউ জানায়নি। আর খালটি আগে অন্য কোন প্রকল্প থেকে খনন করা হয়েছিল, সেটাও জানা নেই। এলাকার কৃষকদের সেচসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে সমীক্ষার পরই দরপত্র আহ্বান করা হয়েছে। খালপাড়ে গাছ থাকলে তা প্রাক্কলন তৈরির সময়ই আমলে নেওয়া দরকার ছিল।