খাল খননের নামে চলছে অর্থের অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের বছর খাল খনন ও সংস্কারের নামে চট্টগ্রাম সিটি করপোরেশন ব্যয় করেছিল সাড়ে ১২ কোটি টাকা। কিন্তু বর্ষাকালে গোটা শহরই কম-বেশি ডুবে যায়। গতকাল রোববার থেকে আবার খাল খনন শুরু হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন মহাপরিকল্পনায় শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে এক হাজার কোটি টাকা ব্যয়ে নতুন তিনটি খাল খনন করার কথা ছিল। কিন্তু তা না করে প্রতিবছর খাল খনন কার্যক্রম নগরবাসীর কোনো কাজে আসছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সিটি করপোরেশন সূত্র জানায়, এ বছর খাল খননের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা। তবে শেষ পর্যন্ত তা পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রকৌশলীরা ধারণা করছেন। জানা যায়, গত চার বছরে সিটি করপোরেশন কেবল খাল খননে অন্তত ৪৫ কোটি টাকা খরচ করেছে। কিন্তু শহরকে জলাবদ্ধতামুক্ত করা যায়নি। গত বছর বর্ষার আগে খনন করা মাটি রাখা হয় খালের পাড়ে। পরে বৃষ্টিতে তা আবারও খালে পড়ে যায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘নগরের বিভিন্ন খালের পানি দ্রুত নেমে যাওয়ার জন্য আমরা খাল খনন ও সংস্কারকাজ শুরু করছি। এর ফলে বৃষ্টির পানি দ্রুত নেমে যাবে, তবে চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতামুক্ত করা যাবে না। এ জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মহাপরিকল্পনা অনুযায়ী নতুন তিনটি খাল খনন করতে হবে। সেই সঙ্গে চাক্তাই ও মহেশখালের মুখে দুটি ফ্লেপ (স্লুইচ গেটের মতো) স্থাপন করতে হবে। আমরা ইতিমধ্যে একটি খাল খননের জন্য সরকারের কাছে প্রস্তাবনা (ডিপিপি) পাঠিয়েছি। অনুমোদন পাওয়া গেলে সেটি খনন করতে ৩০০ কোটি টাকা ব্যয় হবে।’ চউক সূত্র জানায়, চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতামুক্ত করতে ১৯৯৬ সালেই এ তিনটি খাল খননের কথা বলা হয়। এ প্রকল্পের বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছিল ২০১৫ সাল। কিন্তু এসব খাল খননের কাজই শুরু করা যায়নি। তবে চার বছর ধরে টানা পুরোনো খাল খনন করে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু বৃষ্টি হলেই হাঁটু পানিতে ডুবে যায় শহরের নিম্নাঞ্চল। এমনকি জোয়ারের পানিতেও নগরের নিচু এলাকা ডুবে যায়। চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চলতি বছর নগরের প্রধান দুটি খাল চাক্তাই ও মহেশখাল ছাড়া আরও ১৪টি খালে খননকাজ চালানো হবে। এগুলো হলো: রাজা খাল, নাছির খাল, গয়না খাল, ডোম খাল, শীতল ঝরনা, মির্জা খাল, বামন শাহী খাল, নয়া খাল, কাজি খাল, বির্দা খাল, খন্দকিয়া ছড়া, হিজড়া খাল ও কাজির খাল। গত বছরও এসব খাল খনন করা হয়েছিল। খালগুলোর দৈর্ঘ্য ১৪৪ কিলোমিটার। এ ছাড়া ৫৮০ কিলোমিটার নালাও পরিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। খালগুলো খননের জন্য ২০টি ছোট-বড় ড্রাম ট্রাক ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা চউকের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। এসব খাল খননের জন্য অন্তত এক হাজার কোটি টাকা দরকার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সে অর্থ নেই। এ জন্য আমরা আপাতত বর্তমান খালগুলো খনন করে পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ওই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চউকের।’