ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে গুরুত্বপূর্ণ একটি সেতুর কাছে খাল থেকে বালু তুলে নিজের মালিকানাধীন ও নির্মাণাধীন পেট্রলপাম্পের জায়গা ভরাট করেছেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। এখন তিনি নিজের একটি ডোবা ভরাট করছেন। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে সেতুটি।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আলীয়াবাদ ইউপির চেয়ারম্যান ওমর ফারুকের মালিকানাধীন মেসার্স ফজিলাতুন নেসা ফিলিং স্টেশনের জমিটি বালু তুলে ভরাট করা হয়েছে। বর্তমানে তাঁর মালিকানাধীন একটি ডোবা ভরাট করা হচ্ছে। ফরিদপুর-চরভদ্রাসন সড়কের মতিয়ার কুম এলাকায় অবস্থিত সেতু থেকে ২০ মিটার দূরে দুটি খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে।এলাকাবাসী জানান, যে ডোবটি ভরাট করা হচ্ছে, সেটি চেয়ারম্যানের মালিকানাধীন। এই ডোবা ভরাট করে এখানে দোকানঘর নির্মাণ করা হবে। খননযন্ত্রের মালিক পাশের রামনগর ইউনিয়নের গজারিয়া গ্রামের খলিলুর রহমান বলেন, এক মাস আগে থেকে তিনি দুই সহকর্মীকে নিয়ে বালু তোলার কাজ শুরু করেন। এরই মধ্যে প্রায় দুই হাজার ঘনফুট বালু তুলে পেট্রলপাম্পের জন্য নির্ধারিত খাদ ভরাট করা হয়েছে। এখন ডোবা ভরাটের কাজ চলছে। প্রতি ঘনফুট বালু বাবদ চেয়ারম্যান তাঁদের তিন টাকা করে দেন।আলীয়াবাদ ইউনিয়নের বাসিন্দারা জানান, চরভদ্রাসন-ফরিদপুর সড়কের মতিয়ার কুম এলাকায় সড়ক বিভাগের এ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরভদ্রাসন উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগের প্রধান সড়ক এটি। বাস-ট্রাকসহ প্রতিদিন বিভিন্ন ধরনের বিপুলসংখ্যক যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। সেতুর নিচ থেকে বালু তোলার কারণে এটি ক্ষতিগ্রস্ত হলে বিপুলসংখ্যক মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।জানতে চাইলে ওমর ফারুক বলেন, সেতুর কাছে খননযন্ত্র স্থাপন করা হলেও পাইপের মাধ্যমে ওই জায়গা থেকে আরও ১০০ ফুট দূরে অবস্থিত তাঁর একটি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। এ ব্যাপারে অভিযোগ ওঠায় তিনি মাটি কাটা বন্ধ করে দিয়েছেন।ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, সেতু থেকে মাত্র ২০ মিটার দূরে খননযন্ত্র স্থাপন করা হলে আশপাশের মাটি ধসে পড়বে। এতে সেতু ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, ‘বিষয়টি সরেজমিনে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’