খাল থেকে সেচের পানি নিতে বাধা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রী খালের পানিব্যবস্থাপনা কমিটির সদস্যরা কৃষকদের সেচকাজ করতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় রাজকান্দা, রোয়াইড় ও আওয়ালগাড়ী গ্রামের কৃষকেরা প্রতিবাদ সভা করেছেন। গত বুধবার রাতে পূর্ব রাজকান্দা গ্রামে এ প্রতিবাদ সভা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁদের সেচ সুবিধার্থে শ্রী খাল খনন করা হয়। কিন্তু খালের পানি ব্যবস্থাপনা কমিটি এখন টাকা ছাড়া তাঁদের পানি নিতে বাধা দিচ্ছেন।
কৃষক আবুল কাশেম বলেন, ‘আমাদের সুবিধার্থে খালটি খনন করা হয়েছে। অথচ খালের পানি দিতে ব্যবস্থাপনা কমিটি আমাদের কাছে অযৌক্তিকভাবে টাকা দাবি করছে। কমিটির লোকজন নিজেদের ইচ্ছামতো খালে মাছ ছাড়ছেন। কেউ খালের পানি দিয়ে সেচকাজ করতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তাঁরা আমাদের খালের পানি দিয়ে সেচকাজ করতে বাধা দিচ্ছেন। আমরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানিয়েছি।’
তবে ওই কমিটির সভাপতি আবু মোত্তালেব কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলার ১০টি গ্রামের কৃষকদের সেচ সুবিধার্থে সরকার প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে খালটি খনন করেছে। এটি দেখভালের জন্যই পানিব্যবস্থাপনা কমিটি। খালের পানি দিয়ে সেচকাজ করতে গেলে কৃষকদের প্রতি শতকের জন্য দুই টাকা করে দিতে হবে বলে সরকারি নিয়ম রয়েছে। কিন্তু কৃষকেরা টাকা না দিয়ে সেচকাজের জন্য খালের পানি চান। এ নিয়েই ঝামেলা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘অভিযোগ নিয়ে কৃষকেরা আমার কাছে এসেছিলেন। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খালটি খনন করেছে। খালের পানিব্যবস্থাপনা কমিটি রয়েছে। যাঁরা সেচকাজের জন্য খালের পানি নেবেন, তাঁদের নির্ধারিত ফি দিতে হবে বলে নিয়ম রয়েছে। কিন্তু কৃষকেরা নির্ধারিত ফি দিয়ে সেচকাজ করতে চান না।’