খাল দখল ও ভরাট করে অবৈধ স্থাপনা!
নোয়াখালীর সোনাইমুড়ীতে জেলা পরিষদের একাধিক খাল অবৈধভাবে দখল ও ভরাট করে একের পর এক গড়ে উঠছে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এতে খালগুলোর পানিনিষ্কাশনব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় বাসিন্দারা দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দখল বেড়েই চলেছে। সর্বশেষ তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী চৌরাস্তার নাওতলা এলাকায় জেলা পরিষদের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।সরেজমিনে দেখা যায়, তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি সোনাইমুড়ী-সেনবাগ সড়কসংলগ্ন নাওতলা এলাকায় খালের জায়গা এবং সড়কের মুখের কালভার্টের পানিনিষ্কাশনের পথ বন্ধ করে ১৫-১৬টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। একইভাবে তিনি কুমিল্লা-নোয়াখালী বাইপাস-সংলগ্ন খালের পূর্ব পাশ এবং সোনাইমুড়ী-সেনবাগ সড়কসংলগ্ন খালের উত্তর পাশের জায়গা দখল করে মাটি ভরাট করেছেন।এ ছাড়া সোনাইমুড়ী বাজারের ভেতর দিয়ে যাওয়া খালের দুই পাশেই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। দখলদারদের অনেকেই জেলা পরিষদ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। কিন্তু সরকারি নিয়ম এবং বন্দোবস্তের শর্ত অনুযায়ী একসনা বন্দোবস্তকৃত জায়গায় পাকা স্থাপনা নির্মাণ বেআইনি।নাওতলা গ্রামের বাসিন্দা এনতাজ উদ্দিন অভিযোগ করেন, ‘অবৈধ দখলের কারণে সোনাইমুড়ীর খালগুলোর বেশির ভাগই হারিয়ে যেতে বসেছে। দখলদারেরা অর্থ-বিত্তশালী হওয়ায় প্রতিবাদ করলেই তাঁরা ‘মিথ্যা মামলা’ দিয়ে এলাকার মানুষকে হয়রানি করে।’ খাল দখলের অভিযোগ অস্বীকার করে তোফাজ্জল হোসেন বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী একসনা বন্দোবস্ত নিয়ে ওই খালে অস্থায়ী দোকানঘর নির্মাণ করেছি। যে জায়গা ভরাট করা হয়েছে, তাও দলিলমূলে কেনা। এলাকার কিছু লোক অন্যায়ভাবে আমার বিরুদ্ধে লেগেছে।’জেলা পরিষদের প্রধান নির্বাহী এম ডি আল-আমিন বলেন, ‘অবৈধ দখলদারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া শুরু হবে।’