
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে জাহাজ ভাঙা দুটি ইয়ার্ডের খাল দখলের প্রতিযোগিতায় ওই এলাকার জেলেদের জীবিকা মাছ ধরা হুমকির মুখে পড়েছে। খালের মুখে প্লেট রাখায় ও দুই পাশে খুঁটি পোঁতার কারণে জেলেরা নৌকা নিয়ে সাগরে যেতে সমস্যায় পড়ছেন।
জেলেদের অভিযোগ, রতনপুর স্টিল শিপব্রেকার্স জাহাজের বিশাল একটি প্লেট (খণ্ড) রাখায় মদনহাট খালের মুখ প্রায় বন্ধ হয়ে গেছে। খালের দক্ষিণ পাশে পানির ভেতরের অংশে খুঁটিও পুঁতেছে এই ইয়ার্ড। তাদের দেখাদেখি উত্তর দিকে খালের ভেতরে কয়েকটি খুঁটি পুঁতেছে আরেক ইয়ার্ড আয়াত স্টিল লিমিটেড। অবশ্য আয়াত স্টিল গতকাল বুধবার দাবি করেছে, তারা খাল থেকে চারটি খুঁটি সরিয়ে নিয়েছে।
গত ২২ এপ্রিল সেখানে গিয়ে জানা যায়, খালের পাড়ে শীতলপুর জেলেপল্লিতে বসবাস করে প্রায় ৫০০ জেলে পরিবার। এখানকার জেলেরা মদনহাট খাল দিয়ে নৌকা নিয়ে সাগরে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। খালের ভেতরের অংশে তাঁদের নৌকাগুলো বাঁধা। খালের মুখে থাকা প্লেটের কারণে ভাটার সময় নৌকাগুলো সাগরে যেতে পারছে না।
পঞ্চাশোর্ধ্ব জেলে রতিকান্ত দাস তাঁদের অসহায়ত্ব তুলে ধরে সেদিন প্রথম আলোকে বলেন, ‘আমরা হাজার হাজার জেলে দাদন নিয়ে মাছ ধরি। এখন কী করব বুঝতে পারছি না। খালের মুখ পরিষ্কার রাখার জন্য বারবার আরজি জানিয়েছি। এখন উল্টো দুই দিক থেকে খালের ভেতরে খুঁটি পোঁতা হচ্ছে। ফলে খালের প্রস্থ চার হাতে দাঁড়িয়েছে। জোয়ারের সময় পানি এলে খুঁটির ওপর দিয়ে গেলে নৌকা ফুটো হয়ে যাবে।’
জেলেরা জানান, এ অবস্থা থেকে তাঁদের বাঁচাতে এক মাস আগে উপজেলা প্রশাসনের কাছে তাঁরা আবেদন জানান। স্থানীয় সাংসদের কাছেও আবেদন জানান। প্রশাসন দুই ইয়ার্ডকে অবৈধভাবে পোঁতা খুঁটি তুলে ফেলে খালের দখল অবমুক্ত করার নির্দেশ দিলেও তা মানা হয়নি। বরং খালের ভেতরের অংশে খুঁটি পোঁতা হয়েছে।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান ২২ এপ্রিল প্রথম আলোকে বলেন, ‘আমি দুই পক্ষকে ডেকে দখল করা অংশ অবমুক্ত করে ওই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম। এখন যদি আবার তা করে, তাহলে লোক পাঠাতে হবে। দখল করলে ব্যবস্থা নেওয়া হবে।’
২২ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, রতনপুর স্টিল খালের ভেতর খুঁটি পুঁতে তাদের পাশে এক্সকাভেটর দিয়ে এক পাশে মাটি টেনে সমান করছে, অন্য পাশে খালের আরও ভেতরে পানিতেও খুঁটি পুঁতেছে। আয়াত স্টিল তাদের অংশে সমান্তরালভাবে চারটি খুঁটি পুঁতেছে। সেদিন খুঁটি পোঁতার সময় ৪০-৫০ জন জেলে সেখানে যান এবং খুঁটি না পুঁততে এবং আগে পোঁতা খুঁটি তুলে নিতে রতনপুর স্টিলের লোকজনকে অনুরোধ জানান। তা সত্ত্বেও খুঁটি পোঁতা হয়।
জেলে সর্দার ইন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘আয়াত স্টিলের চেয়ে দখল বেশি করেছে রতনপুর স্টিল। খাল দখল হওয়ায় আয়াত স্টিলের ওপর দিয়ে নৌকা নিয়ে এখন সাগরে যাওয়া-আসা করছি।’
জেলেরা আয়াত স্টিলের পোঁতা চারটি খুঁটি তুলে নেওয়ার অনুরোধ জানালে জবাবে আয়াত স্টিলের কর্মকর্তা মো. হারুন বলেন, ‘যদি ওরা (রতনপুর স্টিল) খুঁটি তুলে নেয়, তাহলে আমরাও তুলে নেব। তারা আগে খালের ভেতরে এসে খুঁটি পুঁতেছে।’
আয়াত স্টিলের প্রকল্প প্রকৌশলী এইচ এম আসাদুজ্জামান বলেন, ‘ওরা (রতনপুর) খালের ভেতরে এসে খুঁটি পুঁতেছে, খালের মুখও বন্ধ করেছে। সীমানা রক্ষার জন্য আমরা ২১ এপ্রিল চারটি খুঁটি দিয়েছি। তারা খুঁটি তুললে আমরাও তুলব। ভরাটের কারণে খালও সরু হয়ে পড়েছে।’ গতকাল যোগাযোগ করলে তিনি দাবি করেন, তাঁরা চারটি খুঁটি তুলে নিয়েছেন।
রতনপুর স্টিলের কর্মকর্তা জহিরুল ইসলাম খাল দখলের সত্যতা স্বীকার করে বলেন, ‘জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা খুঁটি তুলে ফেলব। খালের মুখে থাকা প্লেটও সরিয়ে নেব।’