খাল দখল করে চলছে বাড়ি ও মার্কেট নির্মাণ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় মগ খালের একটি অংশ দখল করে গত বৃহস্পতিবার থেকে বাড়ি ও মার্কেট তৈরি করা হচ্ছে। এলাকার কয়েকজন প্রভাবশালী এই নির্মাণকাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে খালে পানি চলাচল ব্যাহত হয়ে পৌরসভার ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের পাঁচটি এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।গত সোমবার ৭ নম্বর ওয়ার্ডের মগবাজার ও বিনামারা এলাকার শতাধিক বাসিন্দা খালে ওই এলাকায় নির্মাণকাজ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। পরে খালটি রক্ষার দাবিতে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেন।এলাকাবাসীর অভিযোগ, এলাকার প্রভাবশালী শহিদুল ইসলাম ও মোহাম্মদ সোহেলসহ কয়েকজন তাদের নিষেধ উপেক্ষা করে খালের একটি অংশে পাকা বাড়ি ও মার্কেট নির্মাণ করছেন। মগবাজারের বাসিন্দা মহিউদ্দিন মহত্, আবু সুফিয়ান, রিয়াজ উদ্দিনসহ অনেকের ভাষ্য, এতে বর্ষাকালে ওই তিন ওয়ার্ডের মগবাজার, বিনামারা, ভরামুহুরী, নিছপানখালী ও উপজেলা পরিষদ এলাকার পানিনিষ্কাশনে বাধার সৃষ্টি হবে। এতে জলাবদ্ধতার কারণে এলাকার কমপক্ষে ১৫ হাজার বাসিন্দা দুর্ভোগ পোহাবে।খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ সোহেল ও শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ছৈয়দ নূর সিকদার নামের এক ব্যক্তির কাছ থেকে জমি কিনে সেখানে মার্কেট ও বাড়ি নির্মাণ করছি। খালে পানি চলাচলের সমস্যা যাতে না হয়, সে ব্যবস্থা করা হবে।’বিনামারার প্রবীণ বাসিন্দা মঞ্জুর আলম (৬৫) ও নুরুল আবছার (৬০) জানান, মগবাজারের জনবসতি ও বাজার গড়ে উঠেছিল এ খালকে কেন্দ্র করে। ১৫-১৬ বছর আগেও এ খাল দিয়ে নৌকা চলাচল করেছে। এখন পানিপ্রবাহের জায়গাও থাকছে না। সরেজমিনে দেখা গেছে, দখল ও পরিবেশদূষণের বিরূপ প্রভাবে খালটি প্রায় শুকিয়ে গেছে। পৌরসভার পাঁচ এলাকার পানিনিষ্কাশনের একমাত্র গতিপথ মগ খাল। খালটি চিরিঙ্গা-জেটিঘাট সড়কের মগবাজারের দক্ষিণে বরফকল-সংলগ্ন সেতু হয়ে মাতামুহুরী নদীতে গিয়ে মিশেছে। সেতুর কাছে খালের মুখ বন্ধ করে বাড়ি ও মার্কেট নির্মাণের কাজ চলছে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উদয়ন দেওয়ান প্রথম আলোকে বলেন, খালে পানি চলাচলে বাধা সৃষ্টি করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে। চকরিয়া পৌরসভার মেয়র জাফর আলম বলেন, ‘পৌর এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করতে পৌরসভার অনুমোদন নিতে হয়। মগ খালে মার্কেট ও বাড়ি নির্মাণে কোনো অনুমোদন নেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’খাল দখল করে স্থাপনা নির্মাণ চলছে বলে নিশ্চিত করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।