খাল দখল করে দোকান করছেন আ.লীগনেতা
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাবুল হক পানি প্রবাহের খাল দখল করে পাকা দোকান নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে ওই চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী-পাবনা-ঢাকা মহাসড়কের পাশে মুনসিদপুর এলাকা থেকে মাড়মি সুলতানপুর পর্যন্ত রাস্তার পাশ দিয়ে প্রায় ২০ ফুট চওড়া একটি খাল রয়েছে। এই খাল দিয়ে দাশুড়িয়া, মুনসিদপুর, আথাইল শিমূল ও মাড়মি গ্রামের পানি সুলতানপুর দিয়ে বের হয়ে যায়। খালের আথাইল শিমূল এলাকায় ২০০ ফুট জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন জাহাবুল হক। তিনি আথাইল শিমূল সেতুর মুখে প্রাচীর দিয়ে পানি প্রবাহের পথও বন্ধ করে দিয়েছেন। এতে আসন্ন বর্ষা মৌসুমে ওই চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
আথাইল শিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফির উদ্দিন বলেন, খালটি ব্রিটিশ আমলের। পানি প্রবাহের পথ বন্ধ করে এভাবে কেউ পাকা স্থাপনা নির্মাণ করতে পারেন না।
স্থানীয় ব্যবসায়ী আমিরুল ইসলাম (৬০) বলেন, ‘ছোটবেলা থেকে দেখে আসছি ওই খাল দিয়ে বেশ কয়েকটি গ্রামের পানি সুলতানপুর দিয়ে বের হয়ে যায়। এখন দেখছি উনি (জাহাবুল) খালের মধ্যে পিলার তৈরি করে পাকা স্থাপনা নির্মাণ করছেন।’
জাহাবুল হক বলেন, তিনি ওই সম্পত্তির মালিক। তাঁর দাবি, দাশুড়িয়া ইউনিয়নের একজন সার্ভেয়ার (আমিন) দিয়ে জমি মেপে তিনি সেখানে দোকানঘর তৈরি করছেন।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁদের জানামতে, ওই খালটি সরকারি।
ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন বলেন, খাল রক্ষার জন্য শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী বলেন, জাহাবুল হক তাঁর চাতালে ধান-চালবোঝাই ট্রাক আসা-যাওয়ার সুবিধার্থে আথাইল শিমূল এলাকার একটি কালভার্টের রেলিং ভেঙে দিয়েছেন। এতে ওই কার্লভাট দিয়ে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। এ ছাড়া স্কুলগামী শিশুদের নিয়েও আতঙ্কে আছেন অভিভাবকেরা।
এ প্রসঙ্গে জাহাবুল হক বলেন, রেলিংয়ের সঙ্গে ট্রাকের ঘষা লাগে। তাই একজন সরকারি কর্মকর্তাকে জানিয়ে তাঁর সামনে রেলিংটি ভেঙে ফেলা হয়েছে।