খাল দখল করে দোকানঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে একটি খাল দখল করে ১৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় কয়েক ব্যক্তি অবৈধভাবে খালে দোকানঘরগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দখলকারীরা দাবি করেছেন, সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব খালে তাঁদের দোকান নির্মাণের অনুমতি দিয়েছেন। অবশ্য মেয়র অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছেন।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের নথুল্লাবাদ সেতুর উত্তর দিকে দৈর্ঘ্যে খালটির ৩০০ গজ জায়গা দখল করে ১৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন-চার দিন আগে দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে। বানারীপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা জিল্লুর রহমান, নথুল্লাবাদ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল মৃধাসহ কয়েকজন দোকানঘরগুলো নির্মাণ করেছেন।
বানারীপাড়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘জেলা পরিষদ থেকে ওই জমি ইজারা নেওয়া হয়েছে। এ ছাড়া ওখানে দোকানঘর করার জন্য সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিবের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতি নেওয়া ওই জায়গায় আমি তিন-চারটা দোকানঘর তুলেছি। বাকিগুলো তুলেছেন মকবুল মৃধা, নূর আলম, সুলতান শরীফ, মো. হারুন ও মামুন।’
মকবুল মৃধা বলেন, ‘আমিসহ কোনো ব্যবসায়ীই ওই ঘর তোলেননি। ওই খানে ঘর তুলেছেন জিল্লুর রহমান। সেখানে ক্ষুদ্র বাজার বসানোর জন্য মেয়র আহসান হাবিবের কাছে অনুমতি চেয়েছিলাম। তিনি আমাদের অনুমতি দিয়েছেন।’
নূর আলম বলেন, ‘মূলত ওই জায়গা জিল্লুর রহমান ইজারা নিয়েছেন। আমরা তাঁর কাছ থেকে আবার ইজারা নিয়েছি। এখন সেখানে ১৮টি দোকানঘর ওঠানোর কাজ চলছে। কাজ শেষে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হবে।’
সুলতান শরীফ দাবি করেন, কেউ হয়তো অযথাই তাঁর নাম ব্যবহার করছে। তিনি ওই কাজের সঙ্গে সম্পৃক্ত নন।
বরিশাল নদী-খাল রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘বর্তমান মেয়র নির্বাচনের আগে খাল সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। এখন শুনছি তিনিই ওই স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছেন। ওই কাজ বন্ধ করতে মেয়রের কাছে আবেদন করা হবে। ব্যবস্থা না নিলে বারিশালবাসীকে নিয়ে আন্দোলনে নামব।’
ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন জানান, জেলা পরিষদের পক্ষ থেকে কোনো খাল বা তীরের জমি ইজারা দেওয়া হয়নি। অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণের কাজ করা হচ্ছে।