খাল দখল করে নেতাদের মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া বাজারের নলকূপ ও শৌচাগারের জায়গা এবং পাশের খাল দখল করে মার্কেট নির্মাণ করছেন আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ থাকলেও ভয়ে কেউ মুখ খুলছেন না।লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এস্কেন্দার আলী মাতুব্বর এবং পাশের তালমা ইউপির সদস্য ও সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা এই মার্কেট নির্মাণ করছেন।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে দুই শতাধিক দোকান রয়েছে। এর পাশ দিয়ে বইছে একটি খাল। এই খালের সঙ্গে কুমার নদের সংযোগ আছে। বর্ষাকালে এর পানি কৃষকের অনেক কাজে লাগে। এই খাল, নলকূপ ও শৌচাগারের জায়গা দখল করে চলছে পাকা স্থাপনার নির্মাণকাজ।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস্কেন্দার এবং তালমা ইউপির সদস্য ও সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মোল্লা গত ২০ নভেম্বর থেকে এ নির্মাণকাজ করাচ্ছেন। লস্করদিয়া বাজার বণিক সমিতির সভাপতি কেএম মাসুম জানান, খাল দখল করে রাতারাতি এ নির্মাণকাজে বাজার কমিটির কোনো অনুমোদন বা সংশ্লিষ্টতা নেই।লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ক্ষমতার জোরে জবরদস্তিতে এ স্থাপনা নির্মিত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছিল। কিন্তু তাঁরা অভিযোগটি আমলে নেননি।লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন খান বলেন, ‘খালটা তো বাজারের পেছনের দিকে, তাই সেখানে কী ঘটছে, তা আমার ঠিক জানা নেই। তবে আওয়ামী লীগের কোনো নেতা এই জাতীয় কাজ করলে তা দলের ভাবমূর্তির জন্য সমস্যা হবে।’ এ ব্যাপারে এস্কেন্দার আলী মাতুব্বর বলেন, ‘আমরা খাল দখল করিনি। ইউনিয়ন পরিষদের মালিকানাধীন খাস জায়গায় আমরা এ স্থাপনা নির্মাণ করছি।’আওয়ামী লীগ নেতা কুদ্দুস মোল্লা প্রথম আলোকে জানান, এই বাজারে আওয়ামী লীগ সমর্থকদের কোনো ঘর নেই। সবগুলোই বিএনপি সমর্থকদের। বাজারে খালি কোনো জায়গাও নেই। তিনি বলেন, ‘আমি নেত্রীকে (সাজেদা চৌধুরী) এ বিষয়টি জানালে তিনি সরকারি জায়গা খোঁজ করতে বলেন।’কুদ্দুস মোল্লা আরও বলেন, ‘আমরা সরকারি জমি ও খালের ওপর মার্কেট করছি। এখানে আপাতত ১৪টি দোকান হবে। দোকানগুলো আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দেওয়া হবে।সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর এপিএস শফিউজ্জামান জানান, যদি সরকারি খাস জমি থাকে, তবে সেটাও সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েই কাজ করতে হবে। এ ব্যাপারে নেত্রীকে জড়িয়ে কথা বলে উনি (কুদ্দুস মোল্লা) ঠিক করেননি। নেত্রী এই জাতীয় কোনো নির্দেশ দেননি কিংবা দিতে পারেন না।নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল মামুন বলেন, ‘আমি গত ৪ ডিসেম্বর এখানে যোগ দিয়েছি। বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ইউএনও কর্মকর্তা এস এম আবদুল কাদেরের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী ভূঁইয়া জানান, সরকারি জায়গা বা খাল দখল করে কাউকে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। কেউ করলে তা উচ্ছেদ করা হবে।