খাল দখল করে নেতার ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় খাল দখল করে আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ও এলাকার একটি চক্র খাল দখল করছেন। এতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ খালগুলো হারিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সোনাইমুড়ী বাজারের ও আশপাশের সব খালেই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। এর মধ্যে সোনাইমুড়ী-চাটখিল, সোনাইমুড়ী-নাওতলা খাল এবং সোনাইমুড়ী-ছাতারপাইয়া খালের বেশির ভাগ জায়গাই দখল হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পৌর এলাকায় খালের ওপর এবং বিভিন্ন সরকারি সংস্থার জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হলেও সরকার পরিবর্তনের পর দখলদারেরা বেপরোয়া হয়ে ওঠেন। তাঁরা নামে-বেনামে জেলা পরিষদ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করেন। পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে সোনাইমুড়ীর প্রধান খালগুলো অনেকটাই ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আগে বর্ষা মৌসুমে খালে মিঠা পানির বিভিন্ন মাছ পাওয়া যেত। পানির প্রবাহ না থাকায় এখন মাছও পাওয়া যায় না।
জানতে চাইলে মমিনুল ইসলাম খালের ওপর স্থাপনা নির্মাণের কথা স্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে সোনাইমুড়ীর অবৈধ দখল বন্ধে সরকারের বিভিন্ন দপ্তরে গিয়েছি, দখল বন্ধের অনুরোধ করেছি। কিন্তু কেউ কথা শোনেননি। চোখের সামনে সব দখল হয়ে যাচ্ছে। পরে নিরুপায় হয়ে আমার ছেলে অন্যের নামের বন্দোবস্ত করা জায়গার মালিকানা কিনে সেখানে কয়েকটি দোকানঘর করেছে। আমাকে অনেক টাকা খরচ করতে হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন জানান, কিছুদিন আগে তিনি নিজেই সোনাইমুড়ী চৌরাস্তাসহ কয়েকটি এলাকায় খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে এসেছেন। কিছু স্থাপনার তালিকা করে জেলা প্রশাসনের কাছেও প্রতিবেদন পাঠিয়েছেন। জেলা প্রশাসন থেকে উচ্ছেদের নোটিশ জারি করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।