ময়মনসিংহের ভালুকা পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের একটি খালের বেশ কিছু জমি দখল করে একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় এক মাস ধরে পৌরসভার অনুমোদন না নিয়েই ভবনটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই খাল দিয়ে পাঁচটি বিলসহ পৌরসভার পানিনিষ্কাশিত হয় খিরু নদে। পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলাব গ্রামের সৌদিপ্রবাসী শাহ জালাল নিজের পাঁচ শতক জমির সঙ্গে পৌর মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির কাছে গোলা হাঙ্গুন খালের টিঅ্যান্ডটি অফিসসংলগ্ন আড়াই শতক জমি দখল করে পাঁচতলা ভবনের কাজ শুরু করেছেন এক মাস আগে। পৌরসভার সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, বাড়িটি নির্মাণের জন্য পৌরসভা থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।এলাকার প্রবীণ আলাউদ্দিন বলেন, ভবনটি নির্মিত হলে বর্ষাকালে পৌর এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজশিক্ষক বলেন, মেয়র ও কাউন্সিলরের বাড়ির কাছে সরকারি জমিতে এই ভবনের নির্মাণকাজ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পৌরসভার মেয়র মফিজ উদ্দিন সরকার ও কাউন্সিলর মো. ছামছুদ্দিন সরকার জানান, খালটি এভাবে বন্ধ হয়ে গেলে এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দেবে। বাড়িটি নির্মাণের তাঁদের নিষেধও মানা হচ্ছে না। আর খালের জমি পানি উন্নয়ন বোর্ডের, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের।শাহ জালালের শ্যালক মো. আসাদুল্লাহ সিদ্দিকী জানান, বাড়ি নির্মাণ করতে পৌরসভার অনুমোদন না থাকলেও সম্প্রতি নকশা তৈরি করে তা অনুমোদনের জন্য পৌরসভায় জমা দেওয়া হয়েছে। তিনি দাবি করে, তাঁদের জমিতেই তাঁরা বাড়ির নির্মাণকাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী।