খাল দখল করে বাঁধ নির্মাণ, চাষে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চার কিলোমিটার দীর্ঘ কালীবাড়ি খালের বিভিন্ন অংশ দখল, ভরাট ও বাঁধ নির্মাণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বোরো চাষ। এ মৌসুমে খালে পানি না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। এ খালের পানির ওপর নির্ভর করে ইউনিয়নের প্রায় ৩০০ একর জমিতে বোরো চাষ হয়।এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের কাছাড়িবাড়ি খালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া একটি বাঁধের কারণে নাব্যতা হারিয়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে। এ জন্য শুকনো মৌসুমে পানি থাকছে না এবং বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে দুর্ভোগের শিকার হচ্ছে ছয়টি গ্রামের মানুষ। বাঁধ অপসারণ করে সেখানে জলকপাট (স্লুইসগেট) নির্মাণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেও কোনো ফল পাচ্ছে না।গত ৩১ জানুয়ারি বরিশাল সদরের রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কালীবাড়ি খাল এলাকায় গিয়ে দেখা গেছে, খালের বিভিন্ন স্থানে বাঁধ দেওয়া হয়েছে। দখল ও ভরাটে খাল অনেক সরু হয়ে গেছে। খালের বিভিন্ন স্থানে পানি শুকিয়ে গেছে। বোরো চাষে পাঁচটি সেচযন্ত্র বসানো হলেও খালে পানি না থাকায় সব কটি এখন বন্ধ রয়েছে।রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ সিকদার খালের বিভিন্ন স্থান দখল করেছেন। এ ছাড়া তিনি বেশ কটি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করে যাচ্ছেন। বাঁধ দেওয়া ও ভরাটের কারণে খাল শুকিয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়েছে। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক ও ব্লক ম্যানেজার মো. আবদুল রনি বলেন, খালের বিভিন্ন স্থানে বাঁধ থাকায় জোয়ারের পানি আসতে পারে না। যেটুকু পানি পাওয়া যায়, তা দিয়ে ব্লক চালানো প্রায় অসম্ভব।রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমীন বলেন, ২০০৪ সালে ইউনিয়নের কালীবাড়ি খালটি পুনঃখনন করা হয়। এরপর রায়পাশা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ সিকদার খালের বিভিন্ন অংশ দখল ও ভরাট করে ফেলেন এবং মাছের চাষ শুরু করেন, যার ফলে খাল সরু হয়ে গেছে।হানিফ সিকদার বলেন, ‘আমি খালের কোনো অংশ দখল করিনি বা বাঁধ দিইনি। আমার বাড়ির সামনে খালের ওপর বাঁধ ইউপি সদস্য করে দিয়েছেন। তবে তার নিচ থেকে পাইপ থাকায় পানি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।’মঠবাড়িয়ায় ছয় গ্রামের মানুষের দুর্ভোগপিরোজপুরের মঠবাড়িয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নাব্যতা হারিয়ে ভরাট হয়ে যাওয়ায় খালটির ওপর নির্ভরশীল ছয়টি গ্রামে শুকনো মৌসুমে সেচ-সংকট দেখা দিয়েছে। এ কারণে রবিশস্য ও বোরোর আবাদ ব্যাহত হচ্ছে। আবার বর্ষাকালে জলাবদ্ধতার কারণে আমনের বীজতলা করা যাচ্ছে না।জানা গেছে, ১৯৯৩ সালে পাউবো ১০ কিলোমিটার দীর্ঘ এই খালের সাপলেজা বাজার এলাকায় বাঁধ দেয়। এরপর ধীরে ধীরে খালটি নাব্যতা হারিয়ে ফেলে। এ কারণে সাপলেজা ইউনিয়নের সাপলেজা, বাদুরতলী, ঝাটিবুনিয়া, নলী, বুখইতলা ও আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে। সাপলেজা গ্রামের কৃষক আনোয়ার খান বলেন, ‘কাছারিবাড়ি খালে স্লুইসগেট নির্মাণ ছাড়া আমাদের সেচের পানির সংকট ও জলাবদ্ধতা সমস্যা দূর করা সম্ভব হবে না।’ জলকপাট নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনজিল হাসান বলেন, দেড় যুগ ধরে বাঁধ কেটে জলকপাট নির্মাণের জন্য এলাকাবাসী পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছে। তার পরও কোনো কাজ হচ্ছে না।সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও আমড়াগাছিয়া ইউপির চেয়ারম্যান সুলতান মিয়া বলেন, জরুরি ভিত্তিতে স্লুইসগেট নির্মাণ করা না হলে এই এলাকা মরুভূমিতে পরিণত হবে।জানতে চাইলে পাউবো মঠবাড়িয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কবির হোসেন বলেন, কাছারিবাড়ি খালের বাঁধ অপসারণ করে জলকপাট নির্মাণের জন্য একটি প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি এখনো অনুমোদিত হয়নি।