খাল দখল করে ভবন নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারের পাশ দিয়ে প্রবাহিত খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসকের কাছে খাল রক্ষার দাবি জানিয়েছেন। তবে খালের ওপর স্থাপনা নির্মাণকারী প্রভাবশালী ও ধনাঢ্য ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম সরকারি ওই জমি বন্দোবস্ত নিয়ে ভবন তৈরি করছেন বলে দাবি করেছেন।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বানা বাজার সড়কের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত ওই খাল দখল করে আরসিসি পিলারের ওপর চলছে ভবনটির নির্মাণকাজ। সড়ারকান্দি গ্রামের রাজমিস্ত্রি মো. দিদারুল ইসলাম বলেন, প্রায় দেড় মাস ধরে তাঁরা নির্মাণাধীন ওই ভবনে শ্রমিক হিসেবে কাজ করছেন। ৩৪ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের ওই ভবনের নিচতলায় তিনটি কক্ষ করা হচ্ছে। ভবনটি তিনতলা পর্যন্ত নির্মাণ করার উপযোগী করে ভিত্তি দেওয়া হয়েছে। নির্মাণশ্রমিকদের সঙ্গে আলাপকালে সেখানে ছুটে আসেন জমির বন্দোবস্ত গ্রহিতাদের একজন বেলবানা গ্রামের মো. রওশন শেখ। তিনি জানান, বেলবানা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৬২০ নম্বর দাগের (এসএ) প্রতিটি ২১০ বর্গফুট আয়তনের তিনটি প্লট যথাক্রমে তিনি, তাঁর ভাই মো. জাহাঙ্গীর আলম ও ভাইয়ের স্ত্রী শরিফা বেগমের নামে একসনা বন্দোবস্ত নেওয়া হয়েছে। খালের জমি দখল ও অস্থায়ীভাবে বন্দোবস্ত পাওয়া জমিতে বহুতল ভবন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি লোকজনের সঙ্গে যোগাযোগ করেই এখানে ভবন নির্মাণ করা হচ্ছে।বানা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মোল্লা অভিযোগ করেন, ইতিমধ্যে খাল দখল করে ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এ ছাড়া আরও ১০-১২ জনকে ওই খালপাড়ের জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানতে পেরেছি। এতে ধীরে ধীরে খালটির প্রবাহ বন্ধ হয়ে যাবে।৯ এপ্রিল আবদুল মান্নান, রাজ্জাক শেখ, বোরহানউদ্দীন, অমৃতলাল ও শাহদাৎ হোসেন এলাকাবাসীর স্বার্থে খালটি রক্ষার আবেদন জানিয়ে ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তাতে বলা হয়, মধুমতি নদীর পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। এ প্রবাহ বন্ধ হলে রুদ্রবানার কান্দার বিল ও বেলোবানার খাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শত শত একর জমির ফসল নষ্ট হবে। বর্ষা মৌসুমে স্রোতের বিপরীতে অবস্থিত ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম খালের জমিতে স্থাপনা নির্মাণের সত্যতা স্বীকার করেছেন। উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী মো. সোহেল রানা জানান, ২০০৫ সালে বানা বাজারের সীমানা নির্ধারণের সময় খালের জমির কিছু অংশ ওই সীমানার আওতায় ঢুকে যায়। তাই ওই অংশের জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে। কেননা, খালের জমি ও বাজারের খাসজমি দুটোই একই দাগে (৬২০ নম্বর) অবস্থিত। তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলমের পরিবারকে যে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, তাতে তিনি নয় ফুট প্রস্থের অস্থায়ী ঘর তুলতে পারবেন।তবে জাহাঙ্গীর আলম ৩৪ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের স্থাপনা তুলছেন, এ ব্যাপারে সোহেল রানার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘খাল দখলের খবর পেয়ে তাঁকে ওই স্থাপনা নির্মাণ বন্ধ করতে মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি।’সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা আলফাডাঙ্গার ইউএনও এ এস এম ফেরদৌস বলেন, খাল দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বানা বাজারে খালপাড়ে কিছু সরকারি বন্দোবস্তযোগ্য জমি রয়েছে। তবে তা খালের মধ্যে পড়লে সেখানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।