
খালটি ইজারা দেওয়া হয়েছিল এক বছরের জন্য। তবে মেয়াদ পার হওয়ার আট বছর পরও দখল ছাড়ছে না। এটির বিভিন্ন স্থানসহ আরও ছয়টি শাখা খালের মুখে বাঁধ দিয়ে করা হচ্ছে মাছের চাষ। এ কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রায় সাড়ে চার শ একর জমির আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়িয়া মৌজার সরকারি মঙ্গলবাড়িয়া খালটি বেদখল হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকার প্রভাবশালী তিন ভাই খালটি দখল করে রেখেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও খালটি দখলমুক্ত হয়নি।
এলাকার কৃষকেরা বলছেন, খালটিতে বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে শুকনো মৌসুমে পানির অভাব এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিবছর প্রায় ৪০০ একর জমির ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খালটি উদ্ধারে ৩৮ জন কৃষক সই করে গত ৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। এতে বলা হয়, টুঙ্গিবাড়িয়া মৌজায় তাঁদের প্রায় সাড়ে চার শ একর কৃষি জমি রয়েছে। এসব জমির ভেতর দিয়ে মঙ্গলবাড়িয়া খাস খালটি প্রবাহিত হয়েছে। এটির ছয়টি শাখা খাল রয়েছে। খালটি এসব জমিতে সেচ ও জমি থেকে পানি নিষ্কাশনে ব্যবহৃত হতো। প্রায় ছয় বছর আগে স্থানীয় হাসান তালুকদার, হোসেন তালুকদার ও মাসুম তালুকদার নামের তিন ভাইখালটি দখল করেন। তাঁরা খালটির দুই পাড়ে বাঁধ দিয়ে এবং শাখা খালগুলোর মুখে বাঁধ দিয়ে ঘের বানিয়ে মাছের চাষ করছেন। খালটি দখলের প্রতিবাদ করলে তাঁদের নানা রকম ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়।
আবেদনে স্বাক্ষর করা হাসনাইন আহমেদ বলেন, ‘কৃষকদের চাষাবাদে যখন দরকার হয়, তখন পানি আটকে রাখা হয়। আবার যখন প্রয়োজন হয় না, তখন পানি বের হতে না পেরে পুরো এলাকা তলিয়ে যায়। চলতি আমন মৌসুমে অনেক এলাকার আমন রোপার কাজ শেষ। কিন্তু আমাদের এলাকায় জলাবদ্ধতার কারণে বীজতলা ও রোপা আমন পানির নিচে তলিয়ে রয়েছে। এলাকার সাড়ে চার শ কৃষক পরিবার প্রভাবশালী একটি পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা একত্র হয়ে খালটি দখলমুক্ত করতে লিখিত আবেদন করার ছয় মাস পেরিয়ে গেলেও খাল দখলমুক্ত হচ্ছে না।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা পেয়ে সংশ্লিষ্ট বাইশদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. চান মিয়া সরেজমিনে দেখে অভিযোগের সত্যতা পেয়ে ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে তখন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও এ বি এম সাদিকুর রহমানখালটির বাঁধ অপসারণের জন্য পরদিন ইউনিয়ন পরিষদটির (ইউপি) চেয়ারম্যানর কাছে চিঠি পাঠান। এরপরও বাঁধ অপসারণ না হওয়ায় ১৯ এপ্রিলদ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান ইউএনও। এতে সাত দিনের মধ্যে বাঁধ অপসারণের অনুরোধ জানানো হয়। ইউপি চেয়ারম্যান আবু হাসানাত আবদুল্লাহ বাঁধ অপসারণে অপারগতা প্রকাশ করে ২৫ এপ্রিল ইউএনওর কাছে ফিরতি চিঠি পাঠান।
ইউপি চেয়ারম্যানের চিঠিতে উল্লেখ করা হয়, খালটিতে অবৈধভাবে বাঁধ নির্মাণকারীরা উচ্ছৃঙ্খল। তাই বাঁধ অপসারণ করতে গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার আশঙ্কা আছে। এ কারণে বাঁধ অপসারণের জন্য রাঙ্গাবালী থানার সহায়তা নেওয়ার জন্য বলা হয়।
এর আগে ১৪ এপ্রিল ক্ষতিগ্রস্তকৃষকেরা বাঁধ অপসারণ করে খালটি দখলমুক্ত করার জন্য স্থানীয় সাংসদ মাহাবুবুর রহমান তালুকদারের কাছে লিখিত আবেদন করেন। তিনি রাঙ্গাবালী থানাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
কৃষকেরা বলেন, মঙ্গলবাড়িয়া খালটি প্রায় তিন কিলোমিটার লম্বা। খালটির দুটি পাশই রামনাবাদ নদীর সঙ্গে যুক্ত ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে গিয়ে খালটির দুটি মুখই বন্ধ করে দেয়। এরপর জলাবদ্ধতা দেখা দিলে পাউবো একটি কালভার্ট নির্মাণ করে ইউনিয়নের পাশের তুলাতলি খালের একটি কালভার্টের মাধ্যমে যুক্ত করে পানির প্রবাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা করে। কিন্তু দখলকারীরা সেই কালভার্টের পাশেসহ খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে ঘের বানিয়েছেন। এ ছাড়া শাখা খালগুলোর মুখেও বাঁধ দেওয়া হয়েছে।
কৃষক জাহাঙ্গীর তালুকদার বলেন, তিনি গত রবি মৌসুমে ধারদেনা করে দুই হেক্টর জমিতে মুগডাল চাষ করেছিলেন। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে তাঁর খেত তলিয়ে যায়। এ কারণে তাঁর প্রায় ১ লাখ টাকা লোকসান হয়েছে।
বশির গাজী বলেন, জলাবদ্ধতার কারণে কয়েক বছর ধরে আমন ধানের ফলন কমে আসছে।
জানতে চাইলে মুঠোফোনে মো. হাসান তালুকদার বলেন, ‘২০০৮ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে খালটির একসনা ইজারা নিয়ে মাছের চাষ শুরু করেছিলাম আমরা। ২০০৯ সালের পর থেকে ইজারা বন্ধ হয়ে যায়। এখনো আমরা মাছের চাষ করছি। তবে খালে আমরা বাঁধ দিইনি, আগে থেকেই বাঁধ ছিল।’
এ বিষয়ে গতকাল সোমবার সাংসদ মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘খালটি উদ্ধারে থানায় নির্দেশ দিয়েছিলাম। তা না হওয়ায় আবার বলে দিচ্ছি।’
জানতে চাইলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন আরেফিন বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সব অবৈধ বাঁধ অপসারণসহ খালটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।