খাল দখল করে মাছ চাষের উদ্যোগ
মাছ চাষের জন্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ কোলচর খালের দুই কিলোমিটার অংশ আটকে দেওয়া হয়েছে। স্থানীয় চাঁদপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মোল্লা অবৈধভাবে এ উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ কোলচর খালটি আড়িয়াল খাঁ নদ থেকে শুরু হয়ে উপজেলার নমোর হাট ও চাঁদপাশা ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত। মাছ চাষের এ উদ্যোগে খালসংলগ্ন এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ‘এই খালে মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন। এ ছাড়া নৌকা ও ট্রলারে ধান-চালসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন এবং গরু-ছাগল গোসল করানোসহ নানা কাজে ব্যবহূত হয় এই খাল।সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের এক কিলোমিটার অংশের দুই পাশে বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে। সেখানে লোহার নেট বসানো হয়েছে। এলাকাবাসী জানান, মাছ ধরে জীবিকা নির্বাহ করা ছাড়াও অনেক মানুষ এই খালকে কেন্দ্র করে তাদের প্রাত্যহিক কাজ সম্পন্ন করে। এই খাল আটকে মাছ চাষের উদ্যোগ নেওয়ার ফলে সেসব বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ জানালেও আব্বাস উদ্দিন তা আমলে নেননি।চাঁদপাশা গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি, বাবুগঞ্জ থানার সভাপতি মো. বাবুল মীরা অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ কোলচর খাল আটকে মাছ চাষ শুরু করলে মৎস্যজীবীসহ এলাকার সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই খাল দিয়ে ধান, চাল, পাটসহ বিভিন্ন পণ্য নৌকায় ও ট্রলারে করে হাটবাজারে নিয়ে যাওয়া হয়। খাল আটকে দিলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে।সুজনমাঝি গ্রামের মৎস্যজীবী মো. কালাম মোল্লা বলেন, তিনিসহ অনেকেই ওই খালে মাছ ধরে সংসার চালান। এখন খাল আটকে দিলে তিনি আর মাছ ধরতে পারবেন না। কোলচর গ্রামের ৭৬ বছর বয়সী পবন বালা বলেন, ‘এই খালে গরু-ছাগল নাওয়াই, নিজেরা স্নান করি। খালে বাঁধ দিয়ে মাছ চাষ করলে আমরা যামু কই?’অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মোল্লা বলেন, জনগণের খালে জনগণের জন্যই মাছ চাষ প্রকল্প করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয় বলেছে, এ ব্যাপারে তাদের আপত্তি নেই। চাঁদপাশা ইউপির চেয়ারম্যান আবদুল মতিন বলেন, আব্বাস উদ্দিন মোল্লা একটি সমিতির নামে খালে মাছ চাষ প্রকল্পের কথা তাঁকে জানিয়েছেন। প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোর্শেদা আক্তার বলেন, ‘তাঁর জানামতে এ রকম কোনো প্রকল্পের অনুমোদন চাওয়া বা দেওয়া হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, ‘ওই খালে মৎস্য চাষ বা কোনো প্রকল্পের বিষয়ে আমাদের দপ্তরে কোনো অনুমতি চাওয়া হয়নি। এমনকি মৌখিকভাবেও জানানো হয়নি।