খাল দখল করে সেতু নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামে খাল দখল করে নির্মাণ করা হচ্ছে সেতু। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামে খাল দখল করে নির্মাণ করা হচ্ছে সেতু। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ষোলপাড়ার সরকারি খাল ও জমি দখল করে এক ব্যক্তি সেতু নির্মাণ করছেন। এ ঘটনায় এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ২০০ বছরের পুরোনো ষোলপাড়া সরকারি খাল ও এর দুই পাশ ভরাট করে একটি সেতু নির্মাণ করছেন স্থানীয় বাবুল হোসেন। তিনি নিজের বাগানবাড়িতে আসা-যাওয়ার জন্য এ সেতু নির্মাণ করছেন। সেতু নির্মাণ করতে গিয়ে তিনি খালপাড়ের মসজিদের অজুখানা ভেঙে ফেলার ষড়যন্ত্র করছেন। খালটি দখল হলে এলাকার মানুষের বাড়িঘরে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারবে না। মানুষ দুর্ভোগের শিকার হবেন।
উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ মজুমদার বলেন, ‘আমরা কয়েক দফায় খাল দখল করা থেকে বিরত থাকার জন্য বাবুল হোসেনকে অনুরোধ করেছি। কিন্তু তিনি কারও কথা শুনছেন না।’
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন বলেন, ‘খালের ওপর সেতু নির্মাণ করলে কারও ক্ষতি হওয়ার কথা নয়। আমার বাগানবাড়িতে চলাচল করার জন্য ব্যক্তিগতভাবে সেতুটি নির্মাণ করছি। এতে সরকারি সম্পত্তি দখল করার প্রশ্নই আসে না।’
ইউএনও শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’