খাল দখল, জলাবদ্ধতায় দুই ইউনিয়নের মানুষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার খালের দুপাশ দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এদিকে পানিনিষ্কাশন হওয়ার একমাত্র খালটি ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার শিকার হচ্ছে দুই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ।
গত বৃহস্পতিবার খালটির পাশের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, খাল দিয়ে পানিনিষ্কাশন হতে পারছে না। একসময়ের ৪০ ফুট প্রস্থের এ খাল বর্তমানে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত সরু হয়ে গেছে। খালের দুই পাশে বাড়িঘর তুলেছে অনেকে। খালে পানি নেই বললেই চলে। ভেসে আছে কচুরিপানা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার খালটি শত বছরের পুরোনো। খালটি আনন্দবাজার এলাকার মেঘনা নদী থেকে সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার হয়ে দড়িকান্দি এলাকার ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়েছে। সাত কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল ব্যবহার করে সনমান্দি ইউনিয়নের সনমান্দি, মশুরাকান্দা, পাঁচানী, বড়ইকান্দি, বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী, দামোদারদী, টেঙ্গারচর, বামনা দিঘীরপাড়সহ দুই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ ব্যবহার করেন। বৃষ্টির পানি এ খালের মাধ্যমেই নিষ্কাশিত হয়।
তিন বছর ধরে ধারাবাহিকভাবে খালটির দুপাশ দখল করে বাড়িঘর ও বিভিন্ন পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ফলে খালটির মুখসহ পুরোটা একেবারে সরু হয়ে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই গ্রামের বাড়িঘর আর কৃষিজমি পানিতে ডুবে যায়।
হামছাদী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এ খাল দিয়ে একসময় পালতোলা নৌকা চলত। এ খালের ওপর নির্ভর করে দুটি ইউনিয়নের মানুষের কৃষিকাজ। খালটি দখল হয়ে সরু হয়ে যাওয়ায় একদিকে যেমন মানুষ জলাবদ্ধতায় পড়েছে, তেমনি এর প্রভাব পড়েছে কৃষকদের ফসলি জমির ওপর।
গ্রামবাসী বলেন, দখলদারদের মধ্যে টেঙ্গারচর গ্রামের গহন আলী, মনির হোসেন, দক্ষিণ দামোদরদী গ্রামের আলী হোসেন, সানাউল্লাহ্ নুরী ও পঞ্চবটী গ্রামের হাশেম সরকার খালের বেশি জায়গা দখল করেছেন।
দামোদরদী গ্রামের আনোয়ার হোসেন বলেন, খালটি দখলমুক্ত করতে তাঁরা একাধিকবার স্থানীয় উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
অভিযুক্ত সানাউল্লাহ নুরী বলেন, খালের দুপাশের জমি তাঁর নিজের। প্রশাসন পরিমাপ করে খালের জায়গা বের করে ছেড়ে দিতে বললে তাঁরা বাড়িঘর সরিয়ে নেবেন। আলী হোসেন ও হাশেম সরকারও একই কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, আনন্দবাজার খালের জায়গা পরিমাপ করে তা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।