খাল দখলমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশ
বরিশাল নগরের লাকুটিয়া খালের সীমানা নির্ধারণ এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের মূল প্রবাহ ফিরিয়ে আনতে রুল জারি করেছেন উচ্চ আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই রুল জারি করেন।
হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার ওই রুল দেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলের বিবাদীরা হলেন—ভূমি মন্ত্রণালয়; পানিসম্পদ মন্ত্রণালয়; পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশালের জেলা প্রশাসক, বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল সদরের সহকারী ভূমি কর্মকর্তা।
একই সঙ্গে বিবাদীদের ছয় সপ্তাহের মধ্যে খালের ওপর নির্মিত বাঁধসহ সব স্থাপনার তালিকা প্রস্তুত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বেলার আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, গত ২ জুলাই বরিশালের লাকুটিয়া খাল দখল ও দূষণ রোধ নিশ্চিত করতে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। গতকাল রিটের শুনানি শেষে বেঞ্চের দুই বিচারপতি এ রুল ও আদেশ দেন। বেলা বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, জনস্বার্থে লাকুটিয়া খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বেলা আইনি পদক্ষেপ নিয়েছে।