খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে জলাবদ্ধতা নিরসনের বিকল্প নেই। নগরের খাল দখলমুক্ত না করা হলে এ জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়।গত বৃহস্পতিবার নগরের একটি হোটেলে ‘খুলনা মহানগরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রস্তুত’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ‘সার্ভে টু মিটিগেট ওয়াটার লগিং প্রবলেম ইন খুলনা সিটি’ প্রকল্পের আওতায় সিটি করপোরেশন এই কর্মশালার আয়োজন করে।মেয়র বলেন, সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্ভে টু মিটিগেট ওয়াটার লগিং প্রমোশন ইন খুলনা সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর জন্য প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যানেল মেয়র-৩ রুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রস্তাবিত প্রকল্পটি সম্পর্কে ধারণা উপস্থাপন করেন শামসুল আরেফিন। এতে কাউন্সিলর, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।