খাল দখলে নিয়ে ভরাট করছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরসংলগ্ন সাউদের খালের প্রায় ৫০০ ফুট এলাকা দখলে নিয়ে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে মাটি ভরাটের কাজ করছেন স্থানীয় পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মোশারফ হোসেন।কটকস্থল গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সাউদের খালের পানি দিয়ে খালের দুই পাশের ২০টি বোরো প্রকল্পে সেচ দেওয়া হয়। এ খাল ভরাট করা হলে আগামী বোরো মৌসুমে সেচের সংকট দেখা দেবে এবং বোরো চাষ বন্ধসহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।’ একই ধরনের কথা বলেন তারাকুপি গ্রামের হালিম শাহ, আনন্দপুর গ্রামের সানাউল হকসহ কয়েকজন।গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, গৌরনদী উপজেলার সাউদের খালের টরকী-বাউরগাতি সড়কের মধ্যবর্তী এলাকার প্রায় ৫০০ ফুট অংশ টিনের বেড়া দিয়ে দখলে নিয়েছেন গৌরনদী পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির প্রভাবশালী সদস্য মো. মোশারফ হোসেন। স্থানীয় বাসিন্দারা জানান, মোশারফ খালটির অংশবিশেষ দখলে নেওয়ার পর গত বৃহস্পতিবার থেকে পালরদী নদীতে খননযন্ত্র বসিয়ে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই দিন দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ও গৌরনদী পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাল ভরাটে নিষেধাজ্ঞা জারি করে। এ নির্দেশ উপেক্ষা করে মোশারফ হোসেন খাল ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। মো. মোশারফ হোসেন হাওলাদার বলেন, ‘আমার রেকর্ডীয় সম্পত্তির অংশ খালে থাকায় তা ভরাট করা হচ্ছে। কাজ বন্ধ করার ব্যাপারে আমি কোনো নোটিশ পাইনি।’গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যতই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, কাউকে জনস্বার্থবিরোধী কাজ করতে দেওয়া হবে না। খাল দখলমুক্তসহ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’