খাল দখলের প্রতিযোগিতা!
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজারসংলগ্ন খালটি ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে। দখলের কারণে শত বছরের পুরোনো খালটি অস্তিত্ব হারাতে বসেছে।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার বিবরণ অনুযায়ী, ভূমি কার্যালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী অনৈতিক সুবিধা নিয়ে খালের ওপর স্থাপনা নির্মাণের সুযোগ করে দিয়েছেন। এতে খালটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। তাঁদের দাবি, অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করা হোক।
সরেজমিনে দেখা গেছে, দুটি স্থানে খালের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এর একটি আবদুল শাহ নামের এক ব্যবসায়ীর এবং অপরটি আবদুল মান্নান নামের বিএনপির স্থানীয় এক নেতার বলে জানা গেছে। তাঁদের স্থাপনার পশ্চিমে খালের জায়গায় মশিন্দা ইউনিয়ন বিএনপির আধা পাকা কার্যালয়। তাঁদের মতো সোহরাব, সালাম, আনজুরসহ কয়েকজন দোকান ও বাসতবাড়ি গড়ে তুলেছেন। এই দখলের কারণে মাঝ বরাবর খালটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
আবদুল শাহ ও আবদুল মান্নান বলেন, ‘অনেকেই খালের জায়গা দখল করে দোকান ও বসতবাড়ি নির্মাণ করেছেন। আমরা করলে দোষের কী? উচ্ছেদ হলে সবার স্থাপনাই উচ্ছেদ করতে হবে।’
গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির বলেন, ঈদুল আজহার আগে অভিযান চালানো হয়। ওই সময় দখলদারেরা তাঁদের স্থাপনা সরিয়ে নিতে সময় চান। কিন্তু এখন পর্যন্ত তাঁরা স্থাপনা সরিয়ে নেননি। তাই শিগগিরই আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।
মুশিন্দা ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্র জানায়, প্রায় ১০০ বছরের পুরোনো খালটি দড়িবামনগাড়া মৌজায় পড়েছে। প্রায় ৩০ ফুট প্রশস্ত এই খাল দিয়ে কাছিকাটা বিলের পানি নিষ্কাশিত হতো। অবৈধ দখল আর ভরাটের কারণে ২০ বছর আগে খালটি অস্তিত্ব হারাতে শুরু করে। ৩৫-৪০ জন খালটির প্রায় ৯০ শতাংশ জায়গা অবৈধ দখলে নিয়ে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ করেছেন।
মুশিন্দা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি কার্যালয়ের অনুমোদন না নিয়েই যে যার মতো করে খালটি দখলে নিয়ে পাকা দোকান, কার্যালয় ও বসতবাড়ি নির্মাণ করেছেন। সর্বশেষ ব্যবসায়ী আবদুল শাহ পাকা স্থাপনা (আরসিসি) নির্মাণ করার সময় দখলের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, একসময় এই খাল দিয়ে কাছিকাটা বিলের পানি নদীতে (গুমানী নদী) গিয়ে পড়ত। নৌকা চলত। এখন পানি সরতে না পারায় বর্ষায় বিলে পানি জমে থাকে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি উদ্ধার করা জরুরি।