খাল পুনঃখননের দশা!
নরসিংদীর মনোহরদীতে একটি খাল পুনঃখনন করতে গিয়ে খালটি আরও সরু করে ফেলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় কাজটি করা হচ্ছে। কাজটি করছে এক যুবলীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিএডিসি নরসিংদী কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমিতে সহজে সেচসুবিধা পেতে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মনারটেক সেতু থেকে গংগাজলী খাল পর্যন্ত দেড় কিলোমিটার এবং আঁকানগর থেকে নিমতলা মন্দির পর্যন্ত দেড় কিলোমিটার খাল পুনঃখনন করার জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দিয়ে মনারটেক থেকে গংগাজলী পর্যন্ত ১০ লাখ ১২ হাজার টাকায় জননী এন্টারপ্রাইজ এবং আঁকানগর থেকে নিমতলা মন্দির পর্যন্ত ১০ লাখ ১০ হাজার টাকায় পুনঃখননের কাজ পায় মেসার্স লিয়ন অ্যাসোসিয়েটস। এই প্রতিষ্ঠান দুটির কাছ থেকে সহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ নেয় এসপিএস এন্টারপ্রাইজ। এর মালিক মো. সবুজ আহমেদ। তিনি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির অভিযোগ করেন, খালটি পুনঃখননে নিয়ম মানা হচ্ছে না। খালের মাটি খালেই ফেলা হচ্ছে। এতে খালের প্রস্থতা কমে সরু হয়ে যাচ্ছে। ফলে হুমকির মুখে পড়ছে খালটির ভবিষ্যৎ। এ ব্যাপারে বিএডিসির নির্বাহী প্রকৌশলীকে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ইউনিয়নের বাঘিবাড়ি গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘এইডা আসলে খাল না, গাঙ (ছোট নদী)। আগে ৭০-৮০ ফাস (প্রস্থ) আছিল। তহন ইঞ্জিনের নৌকা চলত। আস্তে আস্তে ভরাট হইয়া গেছে। এহনে যেইভাবে খাল কাটতাছে কয়দিন পরে এইডা ড্রেন হইয়া যাইব।’
অথচ দরপত্র অনুযায়ী, খালপাড়ের দিকে ১২-১৪ মিটার এবং তলদেশে চার মিটার খনন করার কথা।
গত সোমবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নরসিংদী কার্যালয়ের সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের কক্ষে গিয়ে দেখা যায়, তিনি কয়েকজন ঠিকাদারের সঙ্গে গল্প করছেন। সেখানে যুবলীগ নেতা সবুজ আহমেদও ছিলেন। খাল পুনঃখননের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
যুবলীগ নেতা সবুজ মিয়া খাল পুনঃখননে নিয়ম না মানার কথা স্বীকার করে বলেন, ‘শোনেন একটু এদিক-সেদিক তো হবেই। না হলে আমরা খাব কী? যতদূর সম্ভব চেষ্টা করছি ভালো করার।’