খাল পুনরুদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ঐতিহ্যবাহী খাল পুনরুদ্ধার, খনন ও সংরক্ষণের জন্য ছয়টি দাবি জানিয়ে মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন নগরবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচটি সংগঠনের ব্যানারে এ স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনগুলো হলো বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলন, বরিশাল নাগরিক সমাজ, স্কোপ, প্রান্তজন ও সুইড বাংলাদেশ। বরিশাল নগর সৌন্দর্য রক্ষা ও নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, নগরের অস্তিত্ব টিকিয়ে রাখতে খালগুলো সংরক্ষণ করতেই হবে। মেয়র তাঁদের দাবি পূরণে আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহ্যবাহী জেল খাল, লাকুটিয়া খাল, আমানতগঞ্জ খাল ও সাগরদি খাল সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে ছয়টি দাবির মধ্যে রয়েছে—সব খাল খননের সঙ্গে সঙ্গে দুই পাশে ফুটপাত নির্মাণ ও সাইকেল চলাচলের ব্যবস্থা করে দখলমুক্ত রাখার উদ্যোগ নেওয়া। খালের সিএস/আরএস পর্চা অনুযায়ী সীমানা নির্ধারণ করে দখলদারদের উচ্ছেদ করে খনন করা। নৌযান চলাচলের সুবিধার জন্য খালের বিভিন্ন স্থানে নির্মাণ করা নিচু সেতু ও বক্স কালভার্ট ভেঙে সঠিক মাপে সেতু নির্মাণ করা। খালের পানি দূষিত করে এমন বর্জ্য ফেলা বন্ধ করা। নদী ও খাল থেকে সব ধরনের স্লুইসগেট সরিয়ে নেওয়া এবং স্থানীয়দের নিয়ে খাল খনন ও সংরক্ষণে পর্যবেক্ষণ কমিটি গঠন করা।
মেয়র আহসান হাবিব কামাল বলেন, চারটি খাল সংরক্ষণ ও খনন করার জন্য জলবায়ু তহবিলের অধীন প্রকল্প জমা দেওয়া হয়েছে। ওই প্রকল্প অনুমোদন হলেই খাল রক্ষার কাজ শুরু হবে। সেই সঙ্গে খালে নির্মিত বক্স কালভার্ট ভেঙে প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।