খাল বেদখল, সাত গ্রাম পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর কাটাখালী বাজারে এভাবে খাল দখল ও সেতুর মুখ বন্ধ করে দোকানপাট তৈরি করা হয়েছে। ফলে পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবিটি গতকাল তোলা  প্রথম আলো
রাজশাহীর কাটাখালী বাজারে এভাবে খাল দখল ও সেতুর মুখ বন্ধ করে দোকানপাট তৈরি করা হয়েছে। ফলে পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবিটি গতকাল তোলা প্রথম আলো

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী খাল দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করা হয়েছে। দোকানের ফাঁকে ফাঁকে ফেলা হয়েছে হাটের বর্জ্য। ফলে পানি নিষ্কাশিত হতে না পেরে তা লোকজনের ঘরবাড়িতে ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ। ১৫ দিন ধরে সাতটি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দী। এলাকাবাসী খালটি দখলমুক্ত করার দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার কাটাখালী পৌরসভার বাখরাবাজ মহল্লায় গিয়ে দেখা যায়, অনেক মানুষের বাড়িতে পানি। তলিয়ে গেছে ফসলের মাঠ ও মুরগির খামার। এঁদের মধ্যে আসলাম আলীর উঠান ও গরুর ঘরেও পানি ছিল। আসলামের স্ত্রী বিনা বেগম (৪০) বলেন, ‘পানি সরিয়েও গরুগুলোকে শুকনা জায়গায় রাখতে পারছি না। আবার পানি চলে আসছে। গাছপালা সব মরে গেছে। ১৫ দিন ধরে চরম দুর্ভোগে আছি।’
একইভাবে পানিবন্দী হয়ে আছেন মহল্লার আবদুস সাত্তার, মোহাম্মদ মিন্টু, হাবিবুর রহমান, মুনজেদ, শাহীন, মুরাদ, আক্কাসসহ মহল্লার প্রায় ২০০ পরিবার। কাটাখালী খাল দখলের ফলে পাশের চারঘাট উপজেলার মিরকামারী, কাকালকাটি, বেলঘরিয়া, দালালপাড়া, সাহাপুর ও দেওয়ানপাড়া গ্রামের ১০০ একর জমির ফসল ও হাজার খানেক পরিবার ১৫ দিন ধরে পানিবন্দী হয়ে রয়েছেন।
কাটাখালী পৌরসভার কয়েকজন বাসিন্দা জানান, চারঘাটের ইউসুফপুর ইউনিয়নের সাহাপুর নগরপাড়ায় পদ্মা নদী থেকে একটি খাল রাজশাহী শহরের উপকণ্ঠে অবস্থিত কাটাখালী পৌরসভার ভেতর দিয়ে বের হয়ে পবার হরিয়ান ইউনিয়নের ভেতর দিয়ে দুর্গাপুর উপজেলার দিগড়ের বিলে গিয়ে পড়েছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়ে পদ্মার পানি বিভিন্ন বিলে চলে আসত। খালের পানি দিয়ে আবাদ করতেন কৃষকেরা। কিন্তু ১৯৭৫ সালের পর সংস্কার না করায় ৪০ ফুট চওড়া খালটি সরু হয়ে আস্তে আস্তে ভরাট হতে থাকে। সবচেয়ে করুণ অবস্থা কাটাখালী পৌর এলাকার অংশে। সেখানে খাল দখল করে খালের ওপর ২৫-৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। খাল পরিণত হয়েছে সরু নর্দমায়। ওই নর্দমায় বাজারের সব ময়লা-আবর্জনা ফেলা হয়। দোকানঘরের পিলারের সঙ্গে আবর্জনা জড়িয়ে কোথাও কোথাও নর্দমাও একেবারে বন্ধ হয়ে গেছে।
খাল দখল করা দোকানগুলোর একটি শরীফ টেইলার্স অ্যান্ড ক্লোথ স্টোরের স্বত্বাধিকারী শরীফুল ইসলাম বলেন, তিনি জেলা পরিষদ থেকে দোকান ইজারা নিয়েছেন। তবে তিনি ইজারার কাগজ দেখাতে পারেননি। দোকানের পেছনে গিয়ে দেখা যায়, কাটাখালীর হাটের কসাইপট্টির বর্জ্যে খালটি একেবারে বন্ধ হয়ে গেছে। বাজারের চালপট্টি ছিল নর্দমার পানিতে ডুবে। বাজারের রূপবানীয়া সুইটসের ঘর এমনভাবে করা হয়েছে যে খাল সংস্কারও করা সম্ভব নয়।
ব্যবসায়ীরা একমত পোষণ করেন যে দোকান না সরিয়ে এই খাল সংস্কার করা সম্ভব হবে না।
কাটাখালী বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘আমাদের বর্জ্য ফেলার ভাগাড় নেই। অনেক বলেও পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়নি। এখন পানি নিষ্কাশিত হতে না পেরে আমার বাড়িও ডুবে গেছে। ২০ হাজার খরচ করে শ্রমিক দিয়ে আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করছি।’
কাটাখালী পৌরসভার সচিব আবদুর রাজ্জাক জানান, খালটি সংস্কারের ব্যাপারে আগামী সোমবার তাঁরা কাটাখালী বণিক সমিতির সঙ্গে বসবেন।
জেলা পরিষদের প্রশাসক মাহাবুব জামানকে ফোন দিলে তিনি সার্ভেয়ার আলী হোসেনকে ফোন ধরিয়ে দেন। আলী হোসেন বলেন, দু-একটি দোকান ইজারা দেওয়া থাকতে পারে। তবে সিংহভাগই অবৈধ দখলে। সরকার খাল সংস্কারের উদ্যোগ নিলে দোকানমালিকদের উচ্ছেদ করা হবে।