সিটি করপোরেশনের মালিকানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার কমপ্লেক্সের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। খাল ভরাট করে ও নকশা অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ শুরু করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান সিডিএ কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিডিএর পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করে মৌখিকভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়।
সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) শাহীন উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন খাল ভরাট করে ভবন নির্মাণের কাজ শুরু করেছে। এতে খালে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। সিটি করপোরেশন রক্ষকের পরিবর্তে ভক্ষকের ভূমিকা নিয়েছে। খাল ভরাট করে অনুমোদন ছাড়াই ভবনের নির্মাণকাজ শুরু করায় তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা গেছে, পাঁচ-ছয়জন লোক পাইলিংয়ের কাজ করছেন। কাজ তদারকি করছিলেন করপোরেশনের তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন। তাঁকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন সিডিএর কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ (৭০) প্রথম আলোকে জানান, বহদ্দারহাট কাঁচাবাজারের পাশের এই খালের সঙ্গে একসময় চাক্তাই খালের সংযোগ ছিল। কিন্তু অনেক দিন আগে খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন খালের অস্তিত্বও নেই।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পুরো প্রকল্প এলাকার আয়তন আট হাজার বর্গফুট। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে। দুই মাস আগে ভবনের নির্মাণকাজ শুরু হয়। এখন ভবনের পাইলিংয়ের কাজ চলছে।
সিডিএর অথরাইজড কর্মকর্তা-১ মোহাং মনজুর হাসান বলেন, এই ভবন নির্মাণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ সিডিএর কাছ থেকে অনুমোদন নেয়নি।
এ বিষয়ে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ওখানে কোনো খাল ছিল না। পাইলিংয়ের মাটি পড়ে নালাটি ভরাট হয়েছে। ভবনের নির্মাণকাজ শেষে নালাটি পরিষ্কার করে দেওয়া হবে। যুগ যুগ ধরে সেখানে বাজার বসে আসছে। অতীতেও সিটি করপোরেশনের ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএর কোনো অনুমোদন নেওয়া হয়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি মরা খাল। প্রায় ১০-১৫ বছর ধরে এই খাল দিয়ে কোনো পানি প্রবাহিত হয় না।