খাল ভরাট করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের বলুগা খাল দখল করে মাটি ভরাট করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামদিয়া বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সিতারামপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিবিএর সাবেক সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ তাঁর প্রভাব খাঁটিয়ে পাউবোর কাছ থেকে ওই খালের ৩০০ মিটার অংশ ইজারা নেন। ইজারা নিয়ে তিনি বাঁশ ও চাটাই দিয়ে খালের দুই দিক আটকে দেন। এলাকাবাসীর ধারণা, মাছ চাষ করার কথা বলে খালের ওই অংশ ইজারা নিলেও তিনি সেখানে মাটি ভরাটের উদ্যোগ নিয়েছেন। এ আশঙ্কা থেকে গতকাল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামদিয়া বাজারে তহশিল অফিসের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বেথুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, ফুকরা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাব হোসেন প্রমুখ বক্তব্য দেন।