খাল ভরাট করে আড়তদার কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদরের কীর্তনখোলা নদীর মোহনাসংলগ্ন জেল খালের একটি অংশ দখল করে অবৈধ স্থাপনা নির্মিত হচ্ছে। জেলা মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশন এ স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য সিটি করপোরেশনের অনুমতিও নেওয়া হয়নি। তবে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দাবি, তাঁরা কেনা জমিতে এ ভবন নির্মাণ করছেন। সরেজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেল খালের একটি অংশ দখল করে গড়ে ওঠা ‘শহীদ জিয়া মত্স্য অবতরণকেন্দ্র’ গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভেঙে দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবার ওই জায়গা মত্স্য অবতরণকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানেই খালের একটি অংশ ভরাট করে বরিশাল জেলা মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশন তাদের কার্যালয় নির্মাণ করছে।অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার দাস দাবি করেন, স্থানীয় মন্টু নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৮ বছর আগে তাঁরা ১৬ শতাংশ জমি কিনে নেন। সেখানেই ভবন নির্মাণ চলছে। তিনি জানান, ‘বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেনের পৃষ্ঠপোষকতায় ওই ভবন নির্মাণ চলছে। তিনি স্টিমারঘাট এলাকার সরকারি মত্স্য অবতরণকেন্দ্র থেকে আমাদের এখানে নিয়ে এসেছেন।’কিন্তু জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন জয়ন্ত কুমার। সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ভবন নির্মাণের কাজ শুরু করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুমতি ছাড়া কাজ শুরু করা ঠিক হয়নি। তবে আমরা অনুমতি চেয়েছি। পেয়ে পাব।’অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. নাছির বলেন, ‘আমরা বহু টাকা ব্যয় করে মার্কেটটি নির্মাণ করেছিলাম। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তা ভেঙে দেওয়া হয়েছে। আমরা আবার সেই জায়গা মত্স্য অবতরণকেন্দ্র হিসেবে ব্যবহার করছি।’ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রেজাউল করিম দাবি করেন, খালের ৭০ ফুট জায়গা ছেড়ে দিয়ে তাঁদের নিজেদের কেনা জমিতে ভবন নির্মাণের কাজ চলছে।অ্যাসোসিয়েশনের জমি কিনে নেওয়ার দাবির ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, এটা বিআইডব্লিউটিএর জায়গা। তা অন্য লোক কীভাবে বিক্রি করবে। আর কিনবেই বা কীভাবে?বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল হক বলেন, মার্কেটের নামে কিছু লোক জায়গাটি অবৈধভাবে ইজারা নিয়েছিল। অনেক আগেই তা বাতিল করা হয়েছে।বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকারি মত্স্য অবতরণকেন্দ্র থেকে আমি তাদের নিয়ে এসেছি এটা ঠিক। কিন্তু জেল খালের কোনো অংশ ভরাট, দখল বা অবৈধ স্থাপনা তোলার জন্য আমার পৃষ্ঠপোষকতা নেই।’ তিনি বলেন, ‘এ রকম হলে আমি নিজেই তা ভেঙে ফেলার ব্যবস্থা করব।’